২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পুকুরে ভাসছিল জুতা, মিলল ২ শিশুর লাশ

দুজনই কাওরাইদ স্টেশন মহল্লার দারুল উলুম মাদ্রাসায় হেফ্জ বিভাগে পড়ত।

গাজীপুরে পুকুরে ভাসছিল জুতা, মিলল ২ শিশুর লাশ
গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2024, 06:26 PM

Updated : 26 Aug 2026, 09:47 AM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের মোড়লপাড়া গ্রামের জনৈক কাইয়ুমের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয় বলে শ্রীপুর থানার এসআই মো. আব্দুস সামাদ জানান।  

নিহতরা হলো- উপজেলার কাওরাইদ ইউনিয়নের মোড়লপাড়া গ্রামের মো. কাইয়ুমের ছেলে নাসির (১০) এবং মধ্যপাড়া গ্রামের কালু মিয়ার ছেলে জাহিদ (১০)। তারা দুজনই কাওরাইদ স্টেশন মহল্লার দারুল উলুম মাদ্রাসায় হেফ্জ বিভাগে পড়ত।

নিহত নাসিরের চাচা যুবলীগ নেতা রতন মণ্ডল বলেন, বৃহস্পতিবার মাদ্রাসায় ঈদের ছুটি দেওয়া হলে দুজনই বাড়িতে চলে আসে। শুক্রবার সকালে নাসিরের বাড়িতে বেড়াতে আসে জাহিদ। নাসিরের বাড়ির পাশে নতুন কাটা পুকুরের পাড়ে বসে খেলা করছিল তারা।

এ সময় পুকুরের পাড় ভেঙে দুজনই পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় নাসিরকে না দেখে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। 

রতন মণ্ডল বলেন, “বাড়ির পাশের পুকুরে জুতা ভাসতে দেখে নাসিরের মা পানিতে ঝাঁপ দেন। তিনি দুজনকে উদ্ধার করেন। তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

শ্রীপুর থানার এসআই আব্দুস সামাদ বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।