১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, জানিয়েছে পুলিশ।

চুয়াডাঙ্গায় পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2025, 10:41 AM

Updated : 26 Aug 2026, 01:19 PM

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলায় বাইক দুর্ঘটনায় দুজনের এবং ভ্যান থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে আলমডাঙ্গা মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় এবং রাত ১০টার দিকে আলমডাঙ্গার নওদাপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে বলে আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান।

নিহতরা হলেন- আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসানের ছেলে রিয়াদ হাসান (১৩), আলমডাঙ্গার ফরিদপুর গ্রামের শফিকুল ইসলামের জামাতা মোহাম্মদ পলাশ (৩৫) ও একই উপজেলার কালিদাসপুরের বাসিন্দা হান্নান হোসেন (৪৭)।

ওসি মাসুদুর রহমান বলেন, “বৃহস্পতিবার রাত ১২টার দিকে হান্নান হোসেন মাদকাসক্ত অবস্থায় একটি ভ্যানে (পাখিভ্যান নামে পরিচিত) করে আলমডাঙ্গা মাইক্রোবাস স্ট্যান্ড থেকে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে যান।

“তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হান্নানকে মৃত ঘোষণা করেন।”

তিনি বলেন, এছাড়া বৃহস্পতিবার রাত ১০টার দিকে মোহাম্মদ পলাশ ও রিয়াদ হোসেন একটি মোটরসাইকেলে করে কুষ্টিয়া থেকে নিজেদের এলাকা আলমডাঙ্গায় ফিরছিলেন।

“পথে তাদের মোটরসাইকেলটি আলমডাঙ্গার নওদাপাড়া এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে পলাশ ও রিয়াদ নিহত হন।”

তিন লাশের সুরতহাল শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি মাসুদুর রহমান।

তিনি বলেন, “দুর্ঘটনার ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনাগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর কোনো অভিযোগ না পেলে অপমৃত্যুর মামলা করা হবে।”