২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় অবৈধ মজুতের সাড়ে ৩ হাজার লিটার ডিজেল জব্দ, জরিমানা

দোকান মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2026, 10:01 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

নেত্রকোণা সদর উপজেলায় একটি দোকানে অবৈধভাবে মজুত করা সাড়ে তিন হাজার লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।  

শনিবার সন্ধ্যায় অভিযানের সময় উপজেলার মৌগাতি ইউনিয়নের হাটখোলা বাজারের মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান।   

লাইসেন্সবিহীন মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের মালিক জহিরুল চৌধুরী। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ইকবাল হোসেন।

জেলা প্রশাসক বলেন, বর্তমান পরিস্থিতিতে তেলের সঠিক সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসন মাঠে অভিযান চালাচ্ছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় চৌধুরী এন্টারপ্রাইজের মালিককে  পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ৬ (ক) ধারা লঙ্ঘনের অপরাধে ২০ (১) ধারা অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ ছাড়া জব্দ করা ডিজেল দুজন ইউপি সদস্যের জিম্মায় রেখে কাছের ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ জনগণের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক বলেন, এ কার্যক্রমের অংশ হিসেবে জেলার প্রতিটি ফিলিং স্টেশনে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেওয়া হয়েছে; যাতে জ্বালানি বিক্রয়, মজুদ ও সরবরাহ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম না ঘটে।

জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক।