পাবনায় প্রকাশ্যে নারী পোশাক শ্রমিককে হত্যা, স্বামী গ্রেপ্তার
“দাম্পত্য কলহের কারণে রাগের মাথায় এমনটি হয়েছে, তবে হত্যার উদ্দেশ্যে তাকে ছুরিকাঘাত করেননি বলে পুলিশের কাছে জানান গ্রেপ্তার মিলন।”
পাবনার ঈশ্বরদী উপজেলায় প্রকাশ্যে এক নারী পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে; এ সময় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকালে ঈশ্বরদী ইপিজেড মোড় এলাকার এ ঘটনা ঘটে বলে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান।
নিহত রিনা বেগম (৩৫) রাজশাহীর বাঘা উপজেলার চকসিংগীপাড়া গ্রামের আকবর আলীর মেয়ে ও চাঁপাইনবাবগঞ্জের মিলন হোসেনের স্ত্রী।
রিনা ঈশ্বরদী ইপিজেডের রেনেসাঁ বারিন্দ লিমিটেড নামে একটি পোশাক তৈরির কারখানায় কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পরিদর্শক মনিরুল বলেন, সকালে অন্যান্য শ্রমিকদের সঙ্গে কাজে যাওয়ার সময় ঈশ্বরদী ইপিজেডের প্রধান ফটকের সামনে রিনাকে তার স্বামী মিলন আটকিয়ে রাস্তায় উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই নিহত হয় রিনা।
“এ সময় স্থানীয়রা মিলনকে আটক পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিলনকে গ্রেপ্তার করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
মনিরুল বলেন, “২০০৮ সালে রিনার সঙ্গে মিলনের প্রথম বিয়ে হয়। মাঝে বনিবনা হওয়ায় তাদের মেধ্যে ছাড়াছাড়ি হয়। তাদের ঘরে একটি ছেলে সন্তানও রয়েছে।
“২০২০ সালে আবারও বিয়ে করে সংসার শুরু করলে মিলনের নির্যাতন শুরু হলে নিজের মত জীবনযাপন করতে রিনা ঈশ্বরদী ইপিজেডে চাকরি নিয়ে আলাদা থাকতেন।”
তিনি বলেন, মাদকাসক্ত মিলন রিনার সঙ্গে থাকতে চাইলে তিনি আপত্তি করেন। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ বিবাদ লেগেই থাকত।
“এরই জেরেই রোববার সকাল সাড়ে ৭টার দিকে তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে মিলন উত্তেজিত হয়ে তার স্ত্রী রিনাকে ছুরিকাঘাত করেন।”
পুলিশের এই কর্মকর্তা বলেন, “দাম্পত্য কলহের কারণে রাগের মাথায় এমনটি হয়েছে, তবে হত্যার উদ্দেশ্যে তাকে ছুরিকাঘাত করেননি বলে পুলিশের কাছে জানান গ্রেপ্তার মিলন।”
এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা প্রস্তুতি চলছে; মামলা হলে মিলনকে কারাগারে পাঠানো হবে বলে জানান পুলিশের এই পরিদর্শক।
