‘সুস্থ হতে আরও কয়েক মাস, ততদিন কিভাবে চলবে জানি না’
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন ২০ জনের মধ্যে ৫ জনই ছাত্র।
“আমি ভ্যান গাড়ি চালায় যা আয় করি, তা দিয়ে সংসার আর পরিবারের পাঁচ সদস্যের পেট চলে। আমি আহত হওয়ার কয়েকদিনের মাথায় খরচ চালানোর জন্য ভ্যানটা বিক্রি করে দিতে হয়। এখন খুব কষ্টে দিন চলছে। সরকারের কাছে দাবি জানাই, আপনার সহায়তা করুন।”
কথাগুলো বলছিলেন, গাজীপুর বোর্ড বাজার এলার বাসিন্দা রবিউল ইসলাম। যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে ভর্তি আছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।
তার মতো আরও ২০ জন এই হাসপাতালে ভর্তি রয়েছেন; যাদের কেউ দিনমজুর, ভ্যান চালক, রিকশা চালক, ছাত্র। এদের অনেকেই একমাত্র উপর্জনক্ষম ছিলেন। কিন্তু এখন তারা পঙ্গু; ফলে সংসার চালানোর জন্য অনেককেই শেষ অবলম্বনটুকু বিক্রি করছে হয়েছে। অনেকে চলছেন ঋণ করে। এ অবস্থায় সরকারের কাছে সহায়তা দাবি করেছেন তারা।
বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা রোগীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহের সমন্বয়ক আল নূর মোহাম্মদ আয়াস ও সহসমন্বয়ক আনারুল ইসলাম, ব্যবসায়ী আমিনুল হক, ভ্যান চালক রবিউল ইসলাম ও মাদ্রাসা শিক্ষক মামুনুর রশিদ বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আশাপাশের জেলা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। তাদের বেশির ভাগ ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন। এখানে ভর্তি ২০ জন রোগীকে হাসপাতাল থেকে চিকিৎসা ও খাবার বিনামূল্যে দেওয়া হলেও তাদের পরিবারগুলো চরম কষ্টে আছেন। যারা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তারা বাসা ভাড়াও দিতে পারছেন না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের সমন্বয়ক আল নূর মোহাম্মদ আয়াস বলেন, “চিকিৎসাধীন ২০ জনের মধ্যে ১৫ জনেরই পরিবার রয়েছে। বাকি পাঁচজন ছাত্র। যাদের পরিবার রয়েছে, তাদের মধ্যে অনেকে দিনমজুর, ভ্যান চালক বা রিকশা চালক। দুই মাস ধরে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার কারণে পরিবারগুলোকে অভাবে পড়তে হয়েছে। অনেকে ঋণ নিয়ে জীবন চালাচ্ছেন।”
এ অবস্থায় চিকিৎসা খরচ কিভাবে চলছে জানতে চাইলে রবিউল বলেন, “হাসপাতাল থেকে সরকারিভাবে যে সেবা দিচ্ছে, তাই দিয়ে আপাতত চলছে। আমার পায়ে গুলি লেগেছিল। সুস্থ হতে আরও কয়েকমাস সময় লাগবে। ততদিন কিভাবে চলবে-সেটা জানি না।”
