নৌকার প্রার্থী কায়সার হাসনাতসহ ১১ চেয়ারম্যানকে শোকজ
২৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ-৩ আসনের অনুসন্ধান কমিটির সভাপতির কার্যালয়ে প্রার্থীসহ অন্যদের লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাতসহ ১১ চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।
বুধবার নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ সহকারী জজ মোহসিনা ইসলাম স্বাক্ষরিত আলাদা চিঠিতে এই শোকজ করা হয়।
চিঠিতে ২৪ ডিসেম্বর সকালে কমিটির সভাপতির কার্যালয়ে সশরীরে অথবা উপযুক্ত কোনো প্রতিনিধির মাধ্যমে সকলকে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশ পাওয়া অন্যরা হলেন- সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়া, ভাইস-চেয়ারম্যান বাবুল হোসেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, বৈদ্দ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলামিন সরকার, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ মোল্লা, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ।
নৌকা প্রার্থীর নোটিশে বলা হয়, “১৯ ডিসেম্বর তিনি শতাধিক মোটরসাইকেলসহ হাজারো নেতাকর্মী নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করেন; যা যান চলাচলে বিঘ্ন ঘটায়। বিষয়টি সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে।”
প্রার্থীর এ আচরণ জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধির ৬(ঘ) ও ৮(ক) সুস্পষ্ট লঙ্ঘন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া চেয়ারম্যানদের নোটিশে বলা হয়েছে, “তারা সরকারি গাড়ি নিয়ে, জ্বালানি পুড়িয়ে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন। জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচন সমন্বয়কারী হাফেজ মাহমুদুল আনোয়ার এ বিষয়ে অনুসন্ধান কমিটির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।”
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যানদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ প্রার্থী কায়সার হাসনাত বলেন, “দীর্ঘ দিন এই আসনটিতে নৌকার প্রার্থী ছিল না। এবার প্রার্থী পেয়ে দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন। মূলত মিছিলটি ছিল দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ।
“আমরা সরাসরি মহাসড়কে ছিলাম না; ডাইভারশন রোডের ওপর ছিলাম। আমরা কোনো যানজট তৈরি করিনি।”
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়া বলেন, তিনি সরকারি গাড়ি ব্যবহার করেননি।
