সাতক্ষীরায় যুদ্ধাপরাধ মামলায় বিএনপি নেতাসহ আটক ৪
মুক্তিযুদ্ধের সময় শ্রীফলকাটি গ্রামে সুরেন্দ্র নাথ মণ্ডলকে গুলি করে হত্যার অভিযোগে ২০০৯ সালে তার মেয়ে সাতক্ষীরার আদালতে ১২ জনের বিরুদ্ধে মামলা করেন।
সাতক্ষীরার শ্যামনগরে যুদ্ধাপরাধ মামলায় স্থানীয় এক বিএনপি নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, বুধবার রাতে তার নেতৃত্বে থানা পুলিশ আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হয়েছেন শ্যামপুরের ঈশ্বরীপুর এলাকার প্রয়াত এস. এম. বরকত উল্যাহর ছেলে উপজেলা বিএনপির সহ-সভাপতি এস. এম. মহাসিন-উল-মুলক, ধূমঘাট গ্রামের প্রয়াত নাসের উদ্দীন গাজীর ছেলে মহিউদ্দীন গাজী, শ্রীফলকাটি গ্রামের প্রয়াত মান্দার মোল্যার ছেলে ফজের আলী ওরফে কুদ্দুস মোল্যা এবং মুন্সিগঞ্জ কুলতলী গ্রামের প্রয়াত জহুর আলী গাজীর ছেলে ফজের আলী গাজী।
মামলার বরাতে ওসি মুর্শেদ জানান, ১৯৭১ সালের ১০ অক্টোবর শ্রীফলকাটি গ্রামে সুরেন্দ্র নাথ মণ্ডলকে গুলি করে হত্যা করেন আসামিরা। ওই ঘটনায় নিহতের মেয়ে চন্দনা রানী মন্ডল (টুকু) ২০০৯ সালের ২৬ এপ্রিল সাতক্ষীরা মুখ্য বিচারিক হাকিম আদালতে ১২ জনের বিরুদ্ধে মামলা করেন।
“দীর্ঘ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।”
ওসি আরও জানান, যুদ্ধাপরাধের এই মামলায় পরোয়ানাভুক্ত চার জনকে গ্রেপ্তার করে সাতক্ষীরা আদালতে হাজির করার পর কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত আছে।
