নেত্রকোণায় লেগুনা-অটোরিকশা সংঘর্ষে নারী-শিশুসহ আহত ১৫
তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানান নেত্রকোণা সদর হাসপাতালের এক চিকিৎসক।
নেত্রকোণায় যাত্রীবোঝাই লেগুনা ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী, শিশুসহ ১৫ জন আহত হয়েছেন।
এদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নেত্রকোণা শহরের রাজুরবাজার এলাকায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে বলে নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান।
আহতরা হলেন, অটোরিকশার চালক সদর উপজেলার সিংহের বাংলা এলাকার মঞ্জু মিয়ার ছেলে ইমন মিয়া, বারহাট্টা উপজেলার কর্ণপুর গ্রামের আব্দুল হেকিমের ছেলে আব্দুস সালাম, সদর উপজেলার রায়পুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী সুলতানা আক্তার, বারহাট্টা উপজেলার ফকিরের বাজার এলাকার জালাল উদ্দিনের ছেলে রায়হান উদ্দিন, তিলসিন্দুর গ্রামের আক্কাছ উদ্দিনের ছেলে আছাব উদ্দিন, জালাল উদ্দিনের ছেলে ফোরকান উদ্দিন। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি কাজী শাহনেওয়াজ বলেন, সদর উপজেলার বাংলা এলাকা থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে নেত্রকোণা শহরের পারলা বাসস্ট্যান্ড যাচ্ছিল। অন্য দিকে নেত্রকোণা শহর থেকে যাত্রী নিয়ে লেগুনাটি যাচ্ছিল ফকিরের বাজারে।
পথে রাজুরবাজার এলাকায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সামনে বাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচ নারী, পাঁচ শিশু ও পাঁচজন পুরুষ আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান।
হাসপাতালটির চিকিৎসক শ্রদ্ধানন্দ নাথ বলেন, “আহতের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
