২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে গ্যাস স্টেশনে বিস্ফোরণ: দগ্ধ একজনের মৃত্যু

ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2026, 06:41 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

কক্সবাজারের কলাতলীতে গ্যাস পাম্প বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আবু তাহের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার বেলা ২টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় জানিয়েছেন বড় ছেলে মো. সোহেল।

তিনি বলেন, বাবার মরদেহ নিয়ে তারা কক্সবাজারের পথে রওনা হয়েছেন।

বুধবার রাত ১০টার কিছু পর কক্সবাজার শহরের কলাতলীতে এন আলমের মালিকানাধীন এলপিজি স্টেশনে লিকেজ হওয়া গ্যাসে আগুন ধরে আবু তাহেরসহ অন্তত দশ জন দগ্ধ হন।

তাদের উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেদিন রাতেই আবু তাহেরসহ ছয়জনকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

বৃহস্পতিবার ওই ছয়জনের মধ্যে তাহেরসহ তিনজনকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর শারীরিক অবস্থার আরও অবনতি হলে শুক্রবার তাকে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের রেজিস্ট্রার ডা. আশফাকুল আসিফ জানান, আবু তাহেরের শ্বাসনালীসহ শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়। গুরুতর অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি রাখা হয়েছিল।

আবু তাহেরের ভাগ্নে আবু বক্কর বাবু বলেন, “আগুনে দগ্ধ হওয়ার মাত্র দুই দিন আগে মামা টেকনাফের কাটাবনিয়ার নিজ বাড়ি থেকে কলাতলীর বড়ছড়া ঝরঝরি কুয়া এলাকায় শ্বশুরবাড়িতে স্বপরিবারে এসে বসবাস শুরু করেন।

 “গ্যাস লিকেজ হওয়ার খবর পেয়ে তিনি দেখতে গিয়েছিলেন। হঠাৎ জ্বলে ওঠা আগুনে তিনি দগ্ধ হন। আর চার দিনের মাথায় তিনি চলে গেলেন না ফেরার দেশে।”

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, গ্যাস ‘লোড-আনলোড’ প্রক্রিয়ায় ত্রুটির কারণে লিকেজ তৈরি হয়ে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে পাম্পটির ফায়ার সেফটি অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র না থাকার বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।

কলাতলীর এই বিস্ফোরণে অন্তত ১৫ জন আহত হন, এতে দগ্ধ ১০ জনের মধ্যে ৬জনকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছিলো। 

নিহত আবু তাহের পেশায় একজন সিএনজি চালক। 

কক্সবাজারে গ্যাস স্টেশনে বিস্ফোরণ: ছিল না ‘অনুমোদন’, বিধি না মেনে চলার অভিযোগ