১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় জমির বিরোধে সংঘর্ষে প্রাণ গেল ২ ভাইয়ের

এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2026, 04:39 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

বগুড়ার মোকামতলা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে চাচাতো দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান।

নিহতরা হলেন- ওই গ্রামের জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৩৩) এবং মোফাজ্জল হোসেন মোল্লার ছেলে সুমন মোল্লা (৩৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

আটক রাহাত মণ্ডল (২১) একই এলাকার বাসিন্দা। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে ইয়াছিন আলীর সঙ্গে তার চাচা রেজাউলের বিরোধ চলছিল। এদিন সকালে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় ধারাল অস্ত্র দিয়ে ইয়াছিন আলী ও সুমনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। 

এতে ঘটনাস্থলেই ইয়াছিন মারা যান। গুরুতর অবস্থায় সুমনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

খবর পেয়ে শিবগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ওসি শাহিনুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।