২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

শহরে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।

মাদারীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মাদারীপুর জেলা হাসপাতাল।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2026, 08:13 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

মাদারীপুর সদরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালিগঞ্জ নবাব মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান।

নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩৩) এবং রাজৈর উপজেলার ইউসুফপুর ইউনিয়নের পান্না খানের ছেলে নাজমুল খান (১৭)। তারা একে অপরের নিকটাত্মীয় ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদরের শ্রীনদী এলাকা থেকে মোটরসাইকেলে করে দুইজন মাদারীপুর শহরে যাচ্ছিলেন। পথে সদর-শিবচর আঞ্চলিক সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে মোটরসাইকেলটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই আরোহী আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ওসি আবুল কালাম আজাদ বলেন, দুজনের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।