১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কিডনি বিক্রির বিজ্ঞাপন দেওয়া দম্পতি পেলেন ইজিবাইক

পঞ্চগড়ের নবীউল্লাহ ও জাহানা দম্পতির মেয়ে নিতু থ্যালাসেমিয়া এবং ছেলে জিহাদ অ্যাজমায় আক্রান্ত।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2025, 08:29 PM

Updated : 26 Aug 2026, 11:49 AM

পঞ্চগড়ের সদর উপজেলায় ঋণগ্রস্ত হয়ে কিডনি বিক্রির বিজ্ঞাপন দেওয়া এক দম্পতিকে ইজিবাইক দিয়েছে জেলা প্রশাসন। 

উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের তালমা এলাকার নবীউল্লাহ ও জাহানা দম্পতির দুই ছেলেমেয়ে। তাদের মেয়ে নিতু থ্যালাসেমিয়া এবং ছেলে জিহাদ অ্যাজমায় আক্রান্ত। 

তাদের চিকিৎসাসহ অভাবে পড়ে বিভিন্ন বেসরকারি সংস্থা-এনজিও থেকে বড় অঙ্কের টাকা তুলে ঋণে পড়েন এই দম্পতি। পরিবারটির দু’বেলা খাবার জোটানোই কষ্টকর হয়ে পড়েছিল।

বিজ্ঞাপনের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হলে তা জানতে পারেন জেলা প্রশাসক সাবেত আলী। তিনি এই পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। 

বুধবার বিকালে নবীউল্লাহকে ব্যাটারিচালিত ইজিবাইক কিনে দেন জেলা প্রশাসক। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে নবীউল্লাহর হাতে ইজিবাইকের চাবি তুলে দেন তিনি। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) জাকির হোসেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি ও কামাত কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল প্রধান উপস্থিত ছিলেন।

ইজিবাইক পেয়ে দারুণ খুশি নবীউল্লাহ বলেন, “রিকশা চালিয়ে অন্তত দুবেলা খাবার জোগানো যাবে। জেলা প্রশাসকসহ যারা আমাকে এভাবে সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন সবার আল্লাহ ভালো করুন সে দোয়া করি।” 

জেলা প্রশাসক সাবেত আলী বলেন, “আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে যখন জানতে পারি এই অসহায় দম্পতি ঋণে পরে তাদের কিডনি বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন, তখন পরিবারটির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেই। 

“আমরা জেলা পরিষদের পক্ষ থেকে পরিবারটিকে একটি নতুন ইজিবাইক কিনে দিয়েছি। যেন এই ইজিবাইক চালিয়ে তিনি সংসার চালাতে পারেন এবং ধীরে ধীরে ঋণ পরিশোধ করতে পারেন।”