২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ৩৫ বোতল ফেনসিডিল রাখার দায়ে যুবকের যাবজ্জীবন

যাবজ্জীবনের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান এপিপি।

নওগাঁয় ৩৫ বোতল ফেনসিডিল রাখার দায়ে যুবকের যাবজ্জীবন
নওগাঁর এক আদালতে রায় ঘোষণা শেষে আসামিকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2024, 01:57 AM

Updated : 26 Aug 2026, 09:31 AM

নওগাঁয় পোরশা উপজেলায় ৩৫ বোতল ফেনসিডিল রাখার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

রোববার নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম মনিরুজ্জামান আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) মোজাহার আলী।

দণ্ড পাওয়া মুকুল হোসেন (২৯) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মুন্সিপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে।

মামলার বরাতে এপিপি মোজাহার আলী বলেন, ২০১৮ সালের ১০ জুলাই গোপন খবর পেয়ে পোরশা উপজেলার জালুয়াপাড়া এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। সেই সময় একটি ভটভটি থামিয়ে তল্লাশি করে ৩৫ বোতল ফেনসিডিলসহ মুকুল হোসেনকে আটক করা হয়। 

পরে এ ঘটনায় নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ বাদী হয়ে পোরশা থানায় মামলা করেন বলে জানান তিনি।

এপিপি বলেন, তদন্ত শেষে মুকুলকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

এ রায়ের মাধ্যমে মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন হয়েছে বলে মন্তব্য করেন এপিপি মোজাহার আলী। 

রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী মনসুর আলী।