Published : 12 Sep 2026, 10:24 AM
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ইয়াবা ও গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে ‘মাদক কারবারি’ বলছে পুলিশ।
শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার সীমান্তবর্তী পাগলারহাট চর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন মুন।
গ্রেপ্তাররা হলেন, পাগলারহাট এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে ওমর আলী (৪৩) এবং বাবুর আলীর ছেলে মানিক মিয়া (৩৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০টি ভারতীয় ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, দুটি বাটন মোবাইল ফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার তাদের কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।
তিনি আরো বলেন, সীমান্ত এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।