২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত দুই ভাইয়ের মৃত্যু

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন বলে জানায় পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2025, 01:24 AM

Updated : 26 Aug 2026, 02:29 PM

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত দুই ভাই মারা গেছেন।

বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে জানান নাচোল থানার ওসি মনিরুল ইসলাম।

নিহত মো. মিলন (৬০) ও মো. আলম (৫৫) উপজেলার মারকইল-সাহাপুকুর গ্রামের প্রয়াত নওশাদ আলীর ছেলে।

ওসি মনিরুল বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের সমর্থকদের সঙ্গে একই দলের নেতা আব্দুস সালাম তুহিন ও আবু তাহের খোকনের সমর্থকদের দ্বন্দ্ব চলছিল। মঙ্গলবার দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। 

আহতদের মধ্যে মিলন ও আলমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় মিলন ও রাত পৌনে ১০টার দিকে আলম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

পুলিশের পক্ষ থেকে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনার কথা বলা হলেও সেটি রাজনৈতিক সংঘর্ষ নয় বলে দাবি নেতাদের।

মঙ্গলবার সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম বলেন, “ঘটনাটি রাজনৈতিক নয়। স্থানীয় বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে।”

এ ছাড়া বিএনপি নেতা আবু তাহের খোকনও দাবি করেছেন, স্থানীয় বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি মনিরুল।