ভোলায় জাল টাকার কারবার, নারীকে ১০ বছরের জেল
২০১৭ সালের ২৫ মে ওই নারীর কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের ১৮টি জাল নোট জব্দ করা হয়।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জাল টাকা রাখার দায়ে এক নারীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার ভোলার স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এ এস এম তারিক শামস আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষে কৌঁসুলি (পিপি) তৈয়বুর রহমান।
দণ্ড পাওয়া সাহিদা বেগম (৪৫) উপজেলার কাচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. জাহাঙ্গীর হোসেন স্ত্রী।
মামলা থেকে জানা গেছে, ২০১৭ সালের ২৫ মে দুপুরে উপজেলার বোরহানগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সাহিদা বেগমকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের ১৮টি জাল নোট জব্দ করা হয়। জব্দ করা নোটগুলোর মধ্যে একই সিরিজের ১১টি এবং অপর একটি সিরিজের সাতটি নোট ছিল।
এ ঘটনায় বোরহানউদ্দিন থানার তৎকালীন এসআই অশোক কুমার বর্মন বাদী হয়ে মামলা করেন বলে জানান পিপি তৈয়বুর রহমান।
সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
