১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পূজায় আগে থাকত পুলিশ-আনসার, এবার বিজিবি-সেনাও: উপদেষ্টা

মঙ্গলবার গাজীপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2024, 09:39 PM

Updated : 26 Aug 2026, 10:37 AM

শারদীয় দুর্গা পূজাকে কেন্দ্র করে এবার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, “এবারের পূজা খুব ভালভাবে হবে। কোনো ধরনের অসুবিধা হবে না। এজন্য আপনাদেরও সহযোগিতা চাই। প্রতিবার তো পুলিশ ও আনসার সদস্য থাকে, এবারে বাড়তি দল র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন হয়েছে।”

মঙ্গলবার গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

এ সময় বাজার সিন্ডিকেটের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “চেষ্টা করা হচ্ছে, আমার মনে হয় খুব শিগগিরই বাজার একটি সহনীয় পর্যায়ে চলে আসবে। যদি কোনো সিন্ডিকেট থাকে সেটা বাণিজ্য মন্ত্রণালয় ভেঙে দেবে।”

কৃষি খাতে সাফল্যের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, “স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের জনসংখ্যা ছিল সাত কোটি। এখন জনসংখ্যা বেড়েছে; আবাদযোগ্য ভূমি কিন্তু বাড়েনি। দেশের জন্য সবচেয়ে বেশি অবদান রাখে কৃষি খাত। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের কাছে বীজ, চারা ও অর্থ সহায়তা পাঠানো হয়েছে।”

পরে উপদেষ্টা বারি উদ্ভাবিত কৃষিপ্রযুক্তি, যন্ত্রপাতি, উদ্ভিদ ও কৃষিপণ্য প্রদর্শনী ঘুরে দেখে বিজ্ঞানীদের প্রশংসা করেন এবং উৎসাহ দেন। 

এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষি সচিব মো. এমদাদ উল্লাহ মিয়া, বারির মহাপরিচালক আব্দুল্লাহ ইউসুফ আকন্দ, জেলা প্রাশাসক নাফিসা আরিফীন, পুলিশ সুপার আবুল কালাম আযাদ।

পরে উপদেষ্টা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন।