২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতাকে পিটিয়ে হত্যায় আসামি ৩৯, গ্রেপ্তার ৪

মো. রাজু চররুহিতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের দপ্তর সম্পাদক ছিলেন।

লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতাকে পিটিয়ে হত্যায় আসামি ৩৯, গ্রেপ্তার ৪
লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতাকে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2025, 05:41 PM

Updated : 26 Aug 2026, 12:24 PM

লক্ষ্মীপুর সদর উপজেলায় মোবাইল চুরির অপবাদ দিয়ে শ্রমিকদল নেতাকে হত্যার ঘটনায় ৩৯ জনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ।  

গ্রেপ্তার চারজন হলেন- সদর উপজেলার শাকচর ইউনিয়নের সবুজের গোঁজা এলাকার বাসিন্দা কবির হোসেন, ইব্রাহিম খলিল, লিটন হোসেন ও রেখা বেগম।

চররুহিতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের দপ্তর সম্পাদক এবং সবুজের গোঁজা এলাকার সফিক উল্যা সবুজের ছেলে মো. রাজুকে (৩৫) রোববার রাত আড়াইটার দিকে পিটিয়ে হত্যা করা হয়। 

এ ঘটনায় মঙ্গলবার রাজুর স্ত্রী জোসনা বেগম বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি রেখে মামলা করেন। এজাহারে থাকা বাকি পাঁচজনের নাম জানায়নি পুলিশ।   

মামলার বরাতে পুলিশ জানায়, রোববার রাতে রাজুর মোবাইলে চার্জ শেষ হয়ে যায়। তখন সে ভাতিজা কবিরের ঘরে মোবাইল চার্জ দেয়৷ এ সময় কবির লোকজন ডেকে এনে সবুজের গোঁজা এলাকায় কাজল কোম্পানির ইটভাটার সামনে রাজুকে পিটিয়ে হত্যা করে। তার শরীরে টেঁটা ও ইট দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়৷ তার চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে।