২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি আনার হত্যা: স্থানীয় জনপ্রতিনিধিদের ৯ দফা

এমপি আনারকে নিয়ে অপপ্রচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2024, 12:10 AM

Updated : 26 Aug 2026, 09:41 AM

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় তার নির্বাচনি এলাকার জনপ্রতিনিধিরা নয় দফা দাবি ঘোষণা করেছেন। 

শনিবার বেলা ১১টার দিকে কালীগঞ্জ শহরের ভূষণ স্কুল মাঠে এসব দাবি তুলে ধরা হয়। 

দফাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে-আনোয়ারুল আজীম আনার নিখোঁজ থাকলে তার সন্ধান; হত্যার শিকার হলে লাশ ও আলামত; পরিকল্পনাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি। 

তখন উপস্থিত ছিলেন- কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শিবলী নোমানী, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম রাসেল ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীনসহ ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান ও সব ইউপি সদস্য এবং পৌর কাউন্সিলররা। 

সংবাদ সম্মেলনে সবার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। 

লিখিত বক্তব্যে ঠান্ডু বলেন, ঝিনাইদহ-৪ নির্বাচনি এলাকার সব পর্যায়ের জনপ্রতিনিধিরা এখানে একত্রিত হয়েছি, যখন সমগ্র কালীগঞ্জবাসী শোকে মুহ্যমান। কালীগঞ্জবাসীর নেতা সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার আমাদের মাঝে অনুপস্থিত। এরকম একটি সময়ে কথা বলার মত ভাষা আমাদের নেই। 

“প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তারা এমপি আনারের নিখোঁজ বা হত্যার বিষয়টি নিয়ে কাজ করছেন।” 

লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী ও প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসের কথা জানিয়ে তিনি বলেন, “প্রশাসন দ্রুতই পরিপূর্ণ তদন্তের মধ্য দিয়ে বিষয়টির রহস্য উদ্ঘাটন করবেন বলে আমাদের বিশ্বাস।” 

ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। গত ১১ মে তিনি চিকিৎসার জন্য ভারতে যান। প্রথমে কলকাতার বরাহনগরে তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। কিন্তু সেখান থেকে বেরিয়ে নিখোঁজ হন।এরপর স্থানীয় থানায় জিডি করেন গোপাল বিশ্বাস। তদন্ত শুরু হয় দুই দেশে। ২২ মে সকালে ভারতীয় সংবাদমাধ্যমে খবর আসে, নিউ টাউনের এক বাড়িতে খুন হয়েছেন এমপি আনার। এর পরেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতের পুলিশের বরাত দিয়ে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রবীণ আওয়ামী লীগের নেতা ঠান্ডু বলেন, “তারপরও আমরা প্রতিনিয়ত জনগণের প্রশ্নের সম্মুখীন হচ্ছি। কিন্তু কোনো সদুত্তর আমাদের কাছে নেই।” 

এই হত্যাকাণ্ডকে সমর্থন জানিয়ে এবং সংসদ সদস্যের চরিত্র হননের উদ্দেশ্যে সামাজিক প্রচার মাধ্যমে একটি গোষ্ঠী অসংখ্য আইডি থেকে প্রতিনিয়ত অপপ্রচার চালানো হচ্ছে দাবি করা হয়। 

এসব অপপ্রচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। 

আনোয়ারুল আজীম আনারের ব্যবহৃত মোবাইল ফোন থেকে যারা বিভিন্ন জনের কাছে এসএমএস এবং কল দিয়েছেন তাদের পরিচয় উদ্ঘাটন করে প্রকাশ করার দাবিও করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। 

এ অবস্থার মধ্যে ঘটনার তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের প্রত্যাশায় ৯ দফা দাবি দেশবাসীর সামনে তুলে ধরেন তিনি।