২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা কত ভালো মানুষ যে আমাদের ৮০ টুকরা হতে হয়: কাদের সিদ্দিকী

২২ মে সকালে ভারতীয় সংবাদমাধ্যমে খবর আসে, কলকাতার নিউ টাউনের একটি বাড়িতে খুন হয়েছেন এমপি আনোয়ারুল আজীম আনার।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2024, 11:28 PM

Updated : 26 Aug 2026, 09:39 AM

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, “আমরা কত ভালো মানুষ যে আমাদের ৮০ টুকরা হতে হয়। তাহলে আমরা কী রকম ভালো মানুষ। কী রকম ভালো মানুষ সংসদে গেছে।” 

রোববার রাতে টাঙ্গাইলের সখিপুর উপজেলার হারিঙ্গাচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সানোয়ার হোসেনের গামছা প্রতীকের পক্ষে আয়োজিত এক পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। গত ১১ মে তিনি চিকিৎসার জন্য ভারতে যান। প্রথমে কলকাতার বরাহনগরে তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। কিন্তু সেখান থেকে বেরিয়ে নিখোঁজ হন আনার। এ বিষয়ে স্থানীয় থানায় জিডি করেন গোপাল বিশ্বাস। তদন্ত শুরু হয় দুই দেশে। 

২২ মে সকালে ভারতীয় সংবাদমাধ্যমে খবর আসে, নিউ টাউনের এক বাড়িতে খুন হয়েছেন এমপি আনার। 

পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ভারতের পুলিশের বরাত দিয়ে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। 

কাদের সিদ্দিকী বলেন, “দেশটা কেমন যেন ধ্বংসের পথে। কয়দিন আগে কলকাতায় এক এমপিকে নাকি ৮০ টুকরা করছে। আওয়ামী লীগের একজন এমপিকে ৮০ টুকরা করে যার মাংস পাওয়া যায় না।” 

গামছা প্রতীকের প্রচারণায় গিয়ে পথসভায় ভোটারদের উদ্দেশে প্রবীণ এ রাজনীতিবিদ বলেন, “এখন আপনাদের কাছে একটা পথ খোলা আছে। সেটা হচ্ছে প্রতিবাদ করতে হবে না হলে গামছায় ভোট দিতে হবে। আগামী ৫ জুন গামছা প্রতীকে ভোট দিলে সরকার যা খুশি তা করতে পারবে না।” 

দেশের নানান অনিয়মের চিত্র তুলে ধরে কাদের সিদ্দিকী বলেন, “দেশে কোনো উন্নয়ন হয় নাই, কিছু দালানকোঠা হয়েছে। বিদেশে ছেলেরা থাকে, তারা কিছু টাকা পাঠায়। ওই টাকা দিয়ে সরকার ফুটানি করে। যখন একটা সরকারি প্রজেক্ট হয়, তারা অর্ধেক চুরি করে। যদি কোনো প্রকল্পে টাকা লাগে এক কোটি, তারা ধরে রাখে চার কোটি। দুই কোটিই চুরি হয়। এক কোটিরও (টাকা) কাজ করে না। কীভাবে যে দেশটা চলছে একটু গভীরভাবে না ভাবলে চলে না।“ 

পথসভায় আরও বক্তব্য দেন টাঙ্গাইলের কালিহাতী থেকে সদ্য নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান কাদের সিদ্দিকীর ছোট ভাই আজাদ সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সানোয়ার হোসেন, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খান। 

টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদের তিন পদে আগামী ৫ জুন চতুর্থ ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সংশ্লিষ্ট চারজনসহ ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন করে আটজন প্রার্থী রয়েছেন।