২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাদার সঙ্গে হাঁটতে বের হয়ে অটোরিকশা চাপায় প্রাণ গেল শিশুর

এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা।

দাদার সঙ্গে হাঁটতে বের হয়ে অটোরিকশা চাপায় প্রাণ গেল শিশুর
শিশু মাইশাকে চাপা দিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি খাদে পড়ে যায়।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2024, 07:20 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় অটোরিকশা চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার সিলেট-সুলতানপুর সড়কের সিলাম তেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোগলাবাজার থানার ওসি মোশাররফ হোসেন।

নিহত ৭ বছরের শিশু মাইশা আক্তার সিলাম ইউনিয়নের তেলিপাড়া গ্রামের রিপন আহমদের মেয়ে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, “শুক্রবার সকালে দাদার সঙ্গে বাড়ির সামনের রাস্তায় হাঁটতে বের হয়েছিল মাইশা। এ সময় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা মাইশাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। 

“পরে স্থানীয়রা শিশু মাইশাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।” 

এদিকে এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। পরে মোগলাবাজার থানা পুলিশ ও সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন এলাকাবাসী।

ওসি মোশাররফ বলেন, “ঘটনার পর সিএনজি অটোরিকশার চালক পালিয়ে গেছে; পুলিশ গাড়িটি জব্দ করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।  এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। ”

তবে বিকাল সাড়ে ৫টার দিকে ওসি বলেন, “শিশুটির পরিবার বিনা ময়নাতদন্তে মরদেহটি দাফন করার আবেদন করেছেন। দেখা যাক কি সিদ্ধান্ত আসে।”