১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: মেঘনায় আটক ২৪ জেলেকে ২০ দিনের কারাদণ্ড

অভিযানে জেলেদের হেফাজতে থাকা এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ১৫ কেজি ইলিশ ও ছয়টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: মেঘনায় আটক ২৪ জেলেকে ২০ দিনের কারাদণ্ড

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকা থেকে আটক ২৮ জেলের মধ্যে ২৪ জনকে কারাদণ্ড এবং চারজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Oct 2026, 03:39 PM

Updated : 13 Oct 2026, 03:39 PM

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে আটক ২৮ জেলের মধ্যে ২৪ জনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় জেলেদের হেফাজতে থাকা এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ১৫ কেজি ইলিশ ও ছয়টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রশীদ।

তিনি বলেন, সোমবার বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে হাইমচর উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর, নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ি ও স্থানীয় কোস্ট গার্ড যৌথভাবে অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম।

উপজেলা প্রশাসন থেকে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে একদল জেলে নদীতে মাছ ধরছিলেন। খবর পেয়ে টাস্কফোর্স নদীতে ঝটিকা অভিযান চালিয়ে ২৮ জেলেকে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ জেলেকে কারাদণ্ড এবং অপ্রাপ্তবয়স্ক হওয়ায় চারজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

অভিযানে জব্দ করা এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া মাছ ধরার ছয়টি নৌকা কোস্ট গার্ড হেফাজতে এবং জব্দ করা ১৫ কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

ইউএনও নজরুল ইসলাম বলেন, মেঘনায় নিরাপদে ইলিশকে ডিম ছাড়ার সুযোগ করে দিতে অভিযান অব্যাহত থাকবে। ২৯ অক্টোবর পর্যন্ত অভয়াশ্রম এলাকায় কঠোর অবস্থানে থাকবে টাস্কফোর্স।