রেমালের তাণ্ডবে সেতু ভেঙে দুর্ভোগ
প্রতিদিন অর্ধলাখের বেশি মানুষ এ সেতু দিয়ে যাতায়াত করেন।
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে গোপালগঞ্জে একটি সেতু বিধ্বস্ত হয়েছে।
গত সোমবার সদর উপজেলার বেদগ্রাম-সিলনা সড়কে সিলনা বাজার সংলগ্ন ‘শির খালে’ নির্মিত সেতুটি ভেঙে পড়ে। ফলে ওই সড়ক দিয়ে গত চারদিন ধরে যান চলাচল বন্ধ রয়েছে।
এতে গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া উপজেলার লক্ষাধিক মানুষকে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এই বিশাল জনগোষ্ঠিকে এখন যাতায়াত করতে হচ্ছে প্রায় ১০ কিলোমিটার পথ ঘুরে। এতে সময় ও অর্থ দুটোই ব্যয় হচ্ছে। এ পরিস্থিতিতে দ্রুত সেতুটি সংষ্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা ।
বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, গুরুত্বপূর্ণ সড়কটি সদর উপজেলার একাংশকে টুঙ্গিপাড়ার বর্ণী ইউনিয়নের সঙ্গে সংযুক্ত করেছে।
সড়কটি দিয়ে টুঙ্গিপাড়া উপজেলার প্রায় ৫০ হাজার মানুষ জেলা শহর, কোটালীপাড়া উপজেলা এবং সদর উপজেলার অর্ধলাখ মানুষ টুঙ্গিপাড়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় যাতায়াত করে থাকে।
গোপালগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী মো. মাহামুদ হাসান জানান, ১৯৯৪ সালে সেতুটি নির্মাণ করা হয়; এর দৈর্ঘ্য ২৭ মিটার ও প্রস্থ ১২ মিটার। ২০২৩ সালে এপ্রিল মাসে ১২ লাখ ৯৮ হাজার ব্যয়ে সেতুটি সংষ্কার করা হয়।
সোমবার সকালে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সেতুর পাশের একটি গাছ উপড়ে মাটি সরে যায়। এছাড়া খালের পানির তীব্র স্রোতে সেতুটি ভেঙে পড়ে।
গোপালগঞ্জ সদর উপজেলার ফুলবাড়ী গ্রামের আকবর শেখ বলেন, “প্রতিদিন আমি এই সেতু দিয়ে চলাচল করি। কিন্তু গত সোমবার ঘূর্ণিঝড়ে সেতুটি ভেঙে গেছে। ফলে এ সড়ক দিয়ে চলাচল করা যাচ্ছে না।
“অতি প্রয়োজনে মানুষ ঝুঁকি নিয়ে এ ভাঙা সেতুর ওপর দিয়ে চলাচল করছে। দ্রুত সেতুটি নির্মাণের দাবি জানাই।”
স্থানীয় বাসিন্দা কৃষ্ণ বালা বলছিলেন, “সেতুটি ভেঙে যাওয়ায় আট গ্রামের মানুষের যাতায়াতে সমস্যা হয়েছে। এখান দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না।
“ছোট ছোট বাচ্চাদের স্কুলে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাটবাজারসহ জরুরি কাজে ১০ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে।”
শ্যামল কান্তি বিশ্বাস বলেন, গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া উপজেলার বাসিন্দারা এ সেতুটি ব্যবহার করে থাকে। প্রতিদিন অর্ধলাখের বেশি মানুষ এ সেতু দিয়ে যাতায়াত করেন।
“কিন্তু চারদিন দিন পার হলেও যাতায়াতের কোন বিকল্প ব্যবস্থা করা হয়নি। এতে আমারা চরম দুর্ভোগে পড়েছি।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন বলেন, “রেমালের আঘাতে গোপালগঞ্জে কিছু ক্ষতি হয়েছে। সদরের বেদগ্রাম থেকে টুঙ্গিপাড়ার বর্ণি ইউনিয়নের সংযোগ সড়কের এলজিইডির নির্মিত একটি সেতুটি ভেঙে পড়েছে।
“এ কারণে গোপালগঞ্জ এবং টুঙ্গিপাড়ার একাংশের সঙ্গে যোগাযোগ ব্যাহত হচ্ছে। ওই স্থানে আবার সেতু নির্মাণের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানা হয়েছে।“
পরিস্থিতি সামাল দিতে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কী-না জানতে চাইলে গোপালগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সিনিয়র সহকারী প্রকৌশলী মো. মাহামুদ হাসান বলেন, “দুর্ভোগ লাঘবে এলজিইডি থেকে একটি বেইলি ব্রিজ অথবা টেম্পোরারি ব্যাম্বো ব্রিজ করে দেওয়া হবে। যাতে মানুষ এবং হালকা যানবাহন চলাচল করতে পারে।
“বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।”
