দলিল লেখক হত্যা: স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকের প্রাণদণ্ড
২০২২ সালের ২৪ সেপ্টেম্বর মোশারফকে বৈদ্যুতিক শক দিয়ে অজ্ঞান করে বাথরুমে নিয়ে পানিতে চুবিয়ে হত্যা করা হয় বলে জানান এপিপি।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এক দলিল লেখককে হত্যা মামলায় স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড ও তার প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আমিনুল হক এক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) নজরুল ইসলাম মাসুদ।
দণ্ড পাওয়ারা হলেন- উপজেলার কাঁচপুর এলাকার প্রয়াত আব্দুল আজিজের মেয়ে মোসা. শাহিনুর আক্তার (৩৭) এবং তার প্রেমিক একই এলাকার প্রয়াত আবুল হাসেমের ছেলে মো. রিপন মিয়া (৪১)।
রায় ঘোষণার সময় রিপন উপস্থিত থাকলেও শাহিনুর পলাতক রয়েছেন বলে জানান আদালত পুলিশ পরিদর্শক মো. কাইউম খান।
মামলার বরাতে কাইউম বলেন, “অনেক বছর ধরে শাহিনুরের সঙ্গে রিপনের প্রেমের সম্পর্ক ছিল। তারা একবার পালিয়েও গিয়েছিলেন। পরে পরিবারের লোকজন শাহিনুরকে ফিরিয়ে আনে। ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর মোশারফ হোসেন ভূঁইয়াকে (৪৫) প্রথমে বৈদ্যুতিক শক দিয়ে অজ্ঞান করা হয়। পরে তাকে বাথরুমে নিয়ে পানিতে চুবিয়ে হত্যা করা হয়।
“পরদিন দুপুরে কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেঙ্গাইনের নিজ বাসা থেকে মোশারফের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন শাহিনুরকে গ্রেপ্তার করে পুলিশ।”
এ ঘটনায় মোশারফের ভাই সোলায়মান সোনারগাঁ থানায় হত্যা মামলা করেন বলে জানান এপিপি মাসুদ।
সেই সময় মোশারফের স্ত্রী শাহিনুর হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দেন বলে জানান তিনি।
মাসুম বলেন, “পরে রিপনকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যার ঘটনাটি আসামিরা ডাকাতি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে প্রাথমিক তদন্তে এটি ডাকাতি নয় বলে প্রমাণ পায় পুলিশ।”
সাক্ষ্য গ্রহণ শেষে শাহিনুরকে যাবজ্জীবন ও তার প্রেমিককে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই কৌঁসুলি।
ভ্যানচালক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় ভ্যানচালক হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন এবং অপরজনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) নজরুল ইসলাম মাসুদ।
যাবজ্জীবন সাজা পাওয়া আবু আফতাব স্বপন (৩৪) ডেমরার বামাইল পশ্চিমপাড়া এলাকার মো. মতিউর রহমানের ছেলে এবং অপর সাজ পাওয়া সবুজ গাইন (৩০) বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দেবেন গাইনের ছেলে।
নিহত ভ্যান চালক বিকাশ গাইন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার তেঁতুলাপাড়া এলাকার কেশব গাইনের ছেলে।
মামলার বরাতে এপিপি মাসুদ বলেন, ২০১৯ সালের ১৫ ডিসেম্বর রাতে ভ্যান চালক বিকাশ গাইন সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকায় ছুরিকাঘাতে খুন হন।
এ ঘটনায় বিকাশের বড় ভাই গোবিন্দ লাল গাইন সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। পরে বিকাশের দুই বন্ধু আফতাব ও সবুজকে গ্রেপ্তার করে পুলিশ।
