২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে কিশোরকে টয়লেটে আটকে নির্যাতন, মায়ের মামলা

“ঘটনার পর অতিরিক্ত রক্তশূন্যতায় তিন দিনেও জ্ঞান ফেরেনি ভাইয়ের।”

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2024, 08:51 AM

Updated : 26 Aug 2026, 09:37 AM

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় এক কিশোরকে টয়লেটে আটকে রেখে নির্যাতন করার ঘটনায় থানায় মামলা হয়েছে।

ছাগলনাইয়া আহমেদ শপিং সেন্টারে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। সোমবার ভুক্তভোগী ওই কিশোরের মা বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

নির্যাতনের শিকার ওই কিশোরের বয়স ১৩ বছর। সে ফেনীর ছাগলনাইয়ার উত্তর জশপুর গ্রামের বাসিন্দা এবং ছাগলনাইয়ার বাজারের একটি দোকানের কর্মী।

ওই ঘটনার পর গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছেলেটির বড় ভাই আবদুর রহমান বলেন, “আমার ভাই ছাগলনাইয়া বাজারের একটি দোকানে মাসিক বেতনে কাজ করে। শনিবার দুপুরে সে বাজারের উত্তর পাশের একটি মসজিদ থেকে নামাজ পড়ে ফিরছিল। পথে মাঝ বয়সী অপরিচিত একজন ব্যক্তি তাকে ডাক দিয়ে আহমেদ শপিং সেন্টারের দোতলায় একটি বস্তা তুলতে তাকে সহযোগিতা করতে বলেন।

“তখন আমার ভাই সরল মনে ওই ব্যক্তিকে উপকার করার জন্য শপিং সেন্টারের দোতলায় ওঠে। এ সময় তার পেছনে মাঝ বয়সী আরও একজন অপরিচিত ব্যক্তিও ওঠেন। এক পর্যায়ে ওই দুই ব্যক্তি ভাইকে মারধর করে তিন তলায় নিয়ে যান। সেখানে একটি টয়লেটে ঢুকিয়ে ভাইয়ের দুই হাত ও মুখ বেঁধে তাকে নগ্ন করেন। পরে তারা দুজন মিলে তাকে যৌন নির্যাতন করতে শুরু করেন।”

তিনি বলেন, “এক পর্যায়ে তারা টয়লেট পরিষ্কারের কাজে ব্যবহৃত একটি ব্রাশ ভাইয়ের পায়ুপথে ঢুকিয়ে দেন। এতে ব্রাশের একাংশ ভেঙে পায়ুপথে থেকে যায়। পরে ভাইয়ের ব্যাপক রক্তক্ষরণ শুরু হলে ওই দুই ব্যক্তি টয়লেটের দরজা বাইরে থেকে লাগিয়ে পালিয়ে যান। এক পর্যায়ে ভাইয়ের জ্ঞান ফিরলে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সে হাতের বাঁধনটি খুলে ফেলতে সক্ষম হয়।

এদিকে দীর্ঘসময় ভাই তার কর্মস্থল দোকানে না ফেরায় দোকানের মালিক তার মোবাইল নম্বরে বারবার ফোন করতে থাকেন। কিন্তু হাত বাঁধা থাকায় সে ফোন ধরতে পারেনি। বাঁধন খোলার পর দোকান মালিকের ফোন ধরে সে সব জানায়।”

পরে দোকান মালিক টয়লেট থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান বলে আবদুর রহমান।

সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওই কিশোরের ভাই। ঘটনার পরদিন রোববার তার পায়ুপথে অস্ত্রপাচারের মাধ্যমে থেকে ব্রাশের ভেঙে যাওয়া অংশ বের করেন চিকিৎসক।

“ঘটনার পর অতিরিক্ত রক্তশূন্যতায় তিন দিনেও জ্ঞান ফেরেনি ভাইয়ের।” যোগ করেন আবদুর রহমান।

কথা বলার এক পর্যায়ে কিশোরের বড় ভাই বলেন, “আমার ভাইয়ের কোনো শত্রু নেই। হয়তো খারাপ কাজ করতে না পেরে তারা ভাইকে মেরে ফেলতে পায়ুপথে ব্রাশ ঢুকিয়ে দিয়েছে। বাজারের উত্তর পাশের মার্কেটগুলোতে লোকসমাগম না থাকায় সবসময় বখাটে ও নেশাগ্রস্ত লোকদের আনাগোনা বেশি থাকে। হয়তো মাদকসেবিরা এই কাজ করেছে।”

ছাগলনাইয়া থানার ওসি হাসান ইমাম বলেন, নির্যাতিত কিশোরের মা শাহেনা আক্তার বাদী হয়ে অজ্ঞাত পরিচয় দুজনকে আসামি করে সোমবার রাতে থানায় মামলা করেছেন। অপরাধীদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।

নির্যাতনের শিকার ওই কিশোর যে দোকানে কাজ করতেন তার মালিক আবু আহমেদ মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ফেনী পুলিশ সুপার (এসপি) জাকির হাসান বলেন, “শিশু নির্যাতনের খবর পেয়েছি। ঘটনার পেছনে কারা জড়িত, তা উদঘাটন করতে আমরা তদন্ত করছি। তাদের আইনের আওতায় আনা হবে।”