২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় তারেকের জনসভা: আলো ঝলমলে মাঠে প্রতীক্ষায় জনতা

মাঠে জায়গা না পেয়ে অনেকেই তার বক্তব্য শুনতে এবং দেখতে মাইক ও ডিজিটাল পর্দার সামনে অবস্থান নিয়েছে।

জিয়া শাহীন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2026, 09:13 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে ঘিরে রাতের আঁধার কাটিয়ে আলো ঝলমল হয়ে উঠেছে বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠ। কানায় কানায় পূর্ণ স্লোগান মুখর মাঠে প্রতীক্ষায় আছে মানুষ।    

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে রাজশাহী এবং নওগাঁর নির্বাচনি জনসভা শেষ তারেক রহমানের বগুড়া আসার কথা রাত সাড়ে ৭টায়। তবে রাতে সাড়ে আটটা পর্যন্ত তিনি বগুড়ায় এসে পৌঁছাতে পারেননি। 

তাই সমাবেশের মঞ্চ থেকে বারবার ঘোষণা আসছে আর কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান আসছেন।

তবে তারেক রহমানের বক্তব্য শুনতে এবং দেখতে এর মধ্যেই সমাবেশস্থল থেকে শুরু করে আশেপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। মিছিলে মিছিলে ভরপুর হয়ে ওঠেছে বগুড়া শহর।

মাঠে জায়গা না পেয়ে অনেকেই তার বক্তব্য শুনতে এবং দেখতে মাইক ও ডিজিটাল পর্দার সামনে অবস্থান নিয়েছে। 

সারিয়াকান্দী উপজেলা থেকে আসা হাশেম মণ্ডল আক্ষেপ করে বলেন, “এত কষ্ট করে এলাম তারেক রহমানকে দেখতে কিন্তু মাঠে জায়গা পেলাম না। তাই সাতমাথায় দাড়িয়ে আছি ডিজিটাল পর্দার সামনে। উনার কথা শুনবো এবং দেখবো।”

শেরপুর উপজেলা থেকে আসা রহীম উদ্দিনও একই কথা বললেন। 

কিন্তু মঞ্চের সামনে বসে থাকা নিশ্চিন্তপুরের হযরত আলী বললেন, “সকাল থেকে বসে আছি। জায়গা ছাড়িনি। সামনা-সামনি তারেক রহমানকে দেখবোই।” 

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, “রাজশাহী ও নওগা হয়ে বগুড়ায় আসতে সময়ের হেরফের হতেই পারে। তবে বগুড়ার জনতা ধৈর্য সহাকারে তার জন্য অপেক্ষা করছে।”

আগের সংবাদ

তারেক রহমানকে দেখতে সকাল থেকে বগুড়ার জনসভায় ৭০ বছরের আলী