১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধীদের সংগঠন ডিআইএসের পথ চলা শুরু

শনিবার সন্ধ্যায় সিরাজী ভবনের সেমিনার রুমে সংগঠনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাহবুবুর রহমান।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2026, 08:56 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি-ডিআইএস এর রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের উদ্বোধন হয়েছে। 

এ উদ্যোগের মাধ্যমে প্রতিবন্ধী, বিশেষ চাহিদাসম্পন্ন এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, সমান সুযোগ এবং ক্ষমতায়নের লক্ষ্যে নতুন একটি কার্যক্রমের সূচনা হলো।

শনিবার সন্ধ্যায় সিরাজী ভবনের সেমিনার রুমে সংগঠনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাহবুবুর রহমান। 

এ সময় প্রক্টর বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন সুযোগ-সুবিধায় সমঅধিকার নিশ্চিত করা একটি অন্তর্ভুক্তিমূলক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার অন্যতম পূর্বশর্ত। এ লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয় প্রশাসন, উন্নয়ন সংস্থা ও সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। 

তিনি ডিআইএস এর বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি এস এম ফেরদৌস আলম বলেন, “প্রতিবন্ধকতামুক্ত অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন- এই লক্ষ্যকে সামনে রেখে ডিআইএস দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে প্রতিষ্ঠানটি তথ্য-প্রযুক্তিভিত্তিক দক্ষতা উন্নয়ন, শিক্ষা সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করছে।”

তিনি বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং দক্ষ, আত্মনির্ভরশীল ও সামাজিকভাবে দায়িত্বশীল ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানের অংশ হিসেবে প্রতিবন্ধী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে স্মার্টফোন, স্মার্ট সাদা ছড়ি (হোয়াইট ক্যান), চিকিৎসা সহায়তা এবং শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়। এসব সহায়তা শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ বৃদ্ধি, ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত, স্বাধীন চলাচলের সক্ষমতা বৃদ্ধি এবং আত্মনির্ভরশীল জীবন গঠনে সহায়ক হবে বলে আয়োজকদের প্রত্যাশা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির সদস্যরা বলেন, ডিআইএস একটি অলাভজনক সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান।