শেরপুরে স্ত্রী-শাশুড়িকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
তুচ্ছ ঘটনার জেরে ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর রাতে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা করেন ইসমাইল।
শেরপুরের নালিতাবাড়ীতে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বুধবার জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) চন্দন কুমার পাল জানান।
মৃত্যুদণ্ড পাওয়া ইসমাইল হোসেন (৩৮) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার চরগোরকপুর গ্রামের প্রয়াত তোফাজ্জল হোসেনের ছেলে। ঘটনার পর থেকেই তিনি কারাগারে রয়েছেন।
মামলার বরাতে পিপি চন্দন কুমার জানান, ইসমাইল তার স্ত্রী নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি এলাকার প্রয়াত আমজাদ হোসেনের মেয়ে বিলকিস আক্তার (২৫) ও একমাত্র সন্তানকে নিয়ে ঢাকায় পোশাক কারখানায় চাকরি করে জীবিকা নির্বাহ করতেন।
“২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর ঈদুল আজহায় সন্তানকে নিয়ে বিলকিস তার ভাই আব্দুল খালেকের বাড়িতে বেড়াতে যান। এরপর ২৬ সেপ্টেম্বর রাতে ইসমাইলও সেই বাড়িতে গেলে তুচ্ছ ঘটনা নিয়ে বিলকিসের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।
“এক পর্যায়ে ইসমাইল দা দিয়ে বিলকিসকে এলোপাথারি কোপাতে থাকেন। সে সময় তার চিৎকারে মা খালেদা বেগম, মামা নুরুল আমিন, প্রতিবেশী কুদ্দুস মিয়া ও চাচি সেলিমা বেগম এগিয়ে গেলে তাদেরকেও কুপিয়ে জখম করেন ইসমাইল।”
পরে আশপাশের লোকজন গিয়ে ইসমাইলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পিপি আরও জানান, বিলকিস ও তার মাসহ আহত পাঁচজনকে গুরুতর অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বিলকিস মারা যান। আহত অন্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুদিন পর খালেদা বেগম মারা যান।
এ ঘটনার পরদিন বিলকিসের বড়ভাই আব্দুল খালেক বাদী হয়ে ইসমাইলকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন।
ওই বছরের ২ অক্টোবর ইসমাইল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০১৬ সালের ২৮ মে ইসমাইলকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম।
ইসমাইলকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন পিপি চন্দন কুমার।
