মেঘনায় জব্দ নিষিদ্ধ জাল নষ্ট করা হল পুড়িয়ে
অভিযানের প্রথম ধাপে ১০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়।
চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে দিনভর অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে। পরে সেগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
রোববার সকালে হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ জানান, উপজেলার মেঘনা নদীতে আগের দিন সকাল থেকে রাত পর্যন্ত মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে এ অভিযান চালায়।
তিনি বলেন, “অভিযানের প্রথম ধাপে সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১০টি চায়না দোয়াইর ও ১০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়।
“এরপর দিনের দ্বিতীয় ধাপে বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চরভৈরবী এলাকা থেকে জব্দ করা হয় ৪৪ হাজার মিটার চরঘেরা জাল ও ২২টি চায়না দোয়াইর।”
পরে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা নাজনীন তৃষার অনুমতিতে জব্দ করা জাল ও চায়না দোয়াইর আগুনে পুড়িয়ে নষ্ট করা হয় বলে জানান উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ।
