গাজীপুরে বকেয়া বেতন ও কারখানা খোলার দাবিতে মহাসড়ক অবরোধ
ন্যাশনাল কেমিকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড কারাখানার শ্রমিকরা রোববার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষাভ করেন।
গাজীপুর মহানগরীতে শ্রমিকরা কারখানা খোলা ও বকেয়া বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে প্রায় দুই ঘণ্টা যানচলাচল বন্ধ থাকায় ভোগান্তির শিকার হয়েছেন যাত্রী ও পরিবহন চালকরা।
ন্যাশনাল কেমিকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড কারাখানার শ্রমিকরা রোববার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষাভ করেন।
শ্রমিক নেতা জালাল হাওলাদার বলেন, শ্রম আইনের ১৩ (১) ধারায় চলতি বছরের ৯ এপ্রিল কর্তৃপক্ষ লে-অফ ঘোষণা করে কারখানা বন্ধ করে দেয়। শ্রমিকেরা সাত মাসের বকেয়া বেতন পাবে। বন্ধ ঘোষণার পর থেকে মালিকপক্ষ শ্রমিকদের ছাঁটাই প্রক্রিয়াও শুরু করেছে। কারখানা খোলা ও ছাঁটাই শ্রমিকদের পুনরায় নিয়োগ দেওয়ার দাবিতে বিক্ষোভ হয়েছে।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, তাদের ২০২৩ সালের ২ মাস ১৯ দিনের লে-অফ সময়ের বকেয়া বেতন, বাৎসরিক ছুটির টাকা এবং বকেয়ার ১০ শতাংশ ঈদ বোনাসের টাকা পরিশোধের দাবি রয়েছে।
তারা বলেন, দুই শতাধিক শ্রমিকের বেতন না দিয়ে কয়েক মাস আগে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। শ্রমিকেরা বিভিন্ন সময়ে তাদের বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। কর্তৃপক্ষ তাদের কথার গুরুত্ব না দিয়ে সময় পার করছেন। শ্রমিকরা গাজীপুর জেলা প্রশাসকের (ডিসি) কাছেও অভিযোগ করেছেন। কিন্তু কোনো কাজ হয়নি।
ফলে সকাল থেকে বাধ্য হয়ে শতাধিক শ্রমিক কারখানার সামনে বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে জড়ো হন। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বৈদ্যুতিক খুঁটি ফেলে বড়বাড়ি এলাকায় সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ এসে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
ন্যাশনাল কেমিকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড কারাখানার শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহফুজুর রহমান বলেন, কারখানার ২০৮ জন শ্রমিকের সাত মাসের বেতন-বোনাস বকেয়া আছে। বেতন-ভাতা না দিয়ে ছয় মাস আগে গোপনে কারখানা লে-অফ ঘোষণা করা হয়।
তিনি বলেন, ৭ জুলাই বেলা ১১টায় শ্রম ভবনে ত্রিপক্ষীয় সভা হয়েছে। কিন্তু ন্যাশনাল কেমিক্যাল কারখানার মালিক এম এন এইচ বুলু উপস্থিত হয়নি। শ্রমিকরা বেতন না পেয়ে কষ্টে দিনযাপন করছেন। অনেক শ্রমিকের ছেলে-মেয়ের বেতন বকেয়া থাকায় স্কুল থেকে বের করে দিয়েছে।
“অনেকেই টাকার জন্য অসুস্থ মা-বাবার চিকিৎসা করতে পারছেন না। বাড়িওয়ালা ঘর থেকে বের করে দিতে চাইছে। দোকানদাররা বাকি টাকার জন্য চাপ দিচ্ছে। এসব কারণে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন।”
গাজীপুর নগরীর গাছা থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, শ্রমিকদের দাবির বিষয়টি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধান করা হবে। বেলা ১১টার দিকে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানো হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, মহাসড়ক অবরোধের খবর পেয়ে সেনাবাহিনী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। আগে থেকেই ঘটনাস্থলে থাকা শিল্প পুলিশসহ সেনাবাহিনী শ্রমিকদের বুঝিয়ে মহাসড়কের পাশে কারখানার সামনে নিয়ে আসে। এরপর বেলা সোয়া ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যানচলাচল শুরু হয়।
কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের টঙ্গী অঞ্চলের পরিদর্শক (সাধারণ) মাকসুদুর রহমান কারখানার সামনে এসে বুধবার ত্রিপক্ষীয় বৈঠকের প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা তা মেনে চলে যান।
