২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে মশাল মিছিল থেকে কভার্ডভ্যানে আগুন

আগুনে গাড়ির ভেতরে থাকা কিছু মালমাল পুড়ে গেছে, তবে কেউ হতাহত হননি।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2023, 10:25 AM

Updated : 04 Dec 2023, 10:29 AM

বিএনপির ডাকা অবরোধের মধ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মশাল মিছিল থেকে কুরিয়ার সার্ভিসের একটি কভার্ডভ্যানে আগুন দেওয়া হয়েছে।

এতে গাড়ির ভেতরে থাকা কিছু মালমাল পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।

উল্লাপাড়ার হাটিকুমরুল-নগরবাড়ি মহাসড়কে নবগ্রাম এলাকায় রোববার রাত ১০টার দিকে এ ঘটনা হয় বলে  হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ জানান।

তিনি বলেন, পাবনা থেকে ঢাকাগামী করতোয়া পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কভার্ডভ্যানটি নবগ্রাম এলাকায় অবরোধ সমর্থকদের মশাল মিছিলের সামনে পড়ে।

“ওই সময় অবরোধ সমর্থকরা কভার্ডভ্যান লক্ষ্য করে ঢিল ছুড়লে চালক ও হেলপার গাড়ি থামিয়ে পালিয়ে যান। তখন গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।“

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে কভার্ডভ্যানের আগুন নিয়ন্ত্রণের আনেন। তবে ততক্ষণে গাড়ির সামনের কেবিন ও ভেতরের কিছু মালামাল পুড়ে যায়।  

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপির ডাকে নবম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে রোববার সকাল ৬টা থেকে, যা মঙ্গলাবর সকাল ৬টা পর্যন্ত চলবে। 

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশের দিনে সংঘর্ষের পর থেকেই ধাপে ধাপে হরতাল-অবরোধের কর্মসূচি দিয়ে আসছে দলটি। এই কর্মসূচির মধ্যে প্রতিদিনই যানবাহনে আগুন দেওয়ার মত নাশকতার ঘটনা ঘটছে।