নরসিংদীতে পোশাক শ্রমিকের মৃত্যু: বিচারের আশ্বাসে কাজে ফিরলেন শ্রমিকরা
ঘটনার দুই দিন পর সেনাবাহিনীর মধ্যস্থতায় রোববার বিকাল থেকে ৩০০ কারখানার ২০ হাজার শ্রমিক কাজে ফিরেছেন।
নরসিংদীতে একটি পোশাক কারখানার শ্রমিকের মৃত্যুর পর কর্মবিরতিতে যাওয়া প্রায় ৩০০ কারখানার ২০ হাজার শ্রমিক কাজে ফিরেছেন। দাবি-দাওয়া মেনে নেওয়ার আশ্বাসে তারা কাজে যোগ দেন।
রোববার চৌয়ালা শিল্প এলাকায় টেক্সটাইল শিল্প মালিক সমিতি ও শ্রমিকদের যৌথ সভায় সেনাবাহিনীর মধ্যস্থতায় তারা কাজে ফিরেছেন বলে জানান সেনাবাহিনীর ২৮ ইস্টবেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন মো. রকিবুল আলম।
এর আগে শুক্রবার চৌয়ালা শিল্প এলাকার ইয়ামিন টেক্সটাইলের শ্রমিক রুবেল মিয়ার (১৮) লাশ উদ্ধারের ঘটনার পর থেকে কর্মবিরতিতে গিয়ে আন্দোলন করছিলেন বিভিন্ন কারখানার শ্রমিকরা।
সেনাবাহিনী থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মবিরতিতে থাকা শ্রমিকদের কাজে ফেরাতে টেক্সটাইল শিল্প মালিক সমিতি ও আন্দোলনরত শ্রমিকদের নিয়ে মতবিনিময় সভা হয়।
সভায় নরসিংদীতে মোতায়েন করা সেনাবাহিনীর ২৮ ইস্টবেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন রকিবুল আলম, নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম মো. সাজ্জাদ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে মো. মাহফুজ উপস্থিত ছিলেন।
এ ছাড়া টেক্সটাইল শিল্প মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ শিল্প মালিক সমিতির অন্যরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে শ্রমিকদের পক্ষ থেকে একজন তাদের দাবি-দাওয়া উত্থাপন করেন। দাবির মধ্যে ছিল পলাতক আসামি হোসেন আলীর দৃষ্টান্তমূলক শাস্তি, প্রতিটি কারখানায় অটো সার্কিট ব্রেকার স্থাপন, দুর্ঘটনায় আহত হলে চিকিৎসার সুব্যবস্থা, আন্দোলনকারী শ্রমিকদের উপর অহেতুক নির্যাতন, মামলা বা হয়রানি না করা, প্রাথমিক চিকিৎসার জন্য একটি ক্লিনিক ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে।
সেইসঙ্গে শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারখানা বন্ধ রাখা এবং নির্ধারিত সময়ে শ্রমিকদের বেতন পরিশোধের দাবি জানান শ্রমিকরা।
সেনাবাহিনীর মধ্যস্থতায় উত্থাপিত দাবি মালিক সমিতি ও উপস্থিত শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা হয়। পরে শ্রমিক-জনতা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে কর্মস্থলে যোগদানের প্রতিশ্রুতি দেন।
১৩ আগস্ট বিকালে চৌয়ালায় ইয়ামিন টেক্সটাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক মারা যান। এ ঘটনার প্রতিবাদে পরদিন বিকালে সব কারখানা বন্ধ রাখার জন্য বিভিন্ন টেক্সটাইলে যান শ্রমিকরা।
পরে শালিধা এলাকার হোসেন আলীর টেক্সটাইল কারখানায় গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা বন্ধ করতে চাইলে সেখানকার শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে রুবেল মিয়াসহ দুই শ্রমিক নিখোঁজ ছিলেন।
শুক্রবার সকাল ১০টার দিকে হোসেন আলীর কারখানা থেকে বেশ কিছু দূরের একটি ডোবা থেকে রুবেলের লাশ উদ্ধার করে পুলিশ। পরে দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা হোসেন আলীর দুটি টেক্সটাইল, দুটি গোডাউন ও পাঁচতলা একটি বাড়িতে অগ্নিসংযোগ করে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী। এ সময় শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন তারা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শ্রমিকদের দাবি, হোসেন আলীর কারখানার শ্রমিকদের সঙ্গে মারামারির পর থেকে রুবেল নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে তাকে মেরে ডোবায় ফেলে দেওয়া হয়।
