হাওরে ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ গেল ৩ কৃষকের
সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ ও জামালগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।
সুনামগঞ্জে হাওরে আলাদা স্থানে ধান কাটার সময় বজ্রপাতে তিন কৃষকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও তিন কৃষক।
সোমবার দুপুরে সদর উপজেলা, শান্তিগঞ্জ ও জামালগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।
নিহতরা হলেন- সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে জমির উদ্দিন, একই উপজেলার গৌরারং ইউনিয়নের বৈঠাখালী গ্রামের কায়িদ হোসেনের ছেলে জমির হোসেন এবং জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের রূপাবালি গ্রামের আবুল কালামের ছেলে আবু সালেক (২৩)।
আহতরা শান্তিগঞ্জ উপজেলার বাসিন্দা। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায়। এ সময় ঝড় ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। আতঙ্কে কৃষকরা বাড়ির দিকে ছুটতে থাকেন। এর মধ্যে দেখার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে জমির উদ্দিন মারা যান।
একই সময় গৌরারং ইউনিয়নের বৈঠাখালী গ্রামের জমির হোসেন বাড়ি থেকে হাওরের যাওয়ার সময় বজ্রপাতের শিকার হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই সময় জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের রূপাবালি গ্রামের সালেক বাড়ির পাশের হাওর থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
বজ্রপাতে সদর উপজেলায় দুইজনের মৃত্যুর তথ্য দিয়েছেন সুনামগঞ্জ সদর থানার ওসি শেখ রতন।
বজ্রপাতে রূপাবালি গ্রামের একজনের মারা যাওয়ার বিষয়টি জানিয়েছেন সাচনাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া।
