Published : 31 May 2026, 03:10 PM
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পৃথক স্থান থেকে দুটি মরদেহ উদ্ধারের খবর জানিয়েছে পুলিশ।
রোববার আমড়াগাছিয়া ইউনিয়ন থেকে লাশগুলো উদ্ধার করা হয় বলে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী জানিয়েছেন।
নিহতরা হলেন- আমড়াগাছিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে আব্দুর রশিদ ও একই এলাকার মো. কালু মিয়ার ছেলে সাগর।
স্থানীয় লোকজন ও নিহতের পরিবারের সদস্যরা বলেন, শনিবার রাত ১১টার দিকে আব্দুর রশিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে রোববার ভোরে নেহালিয়া মাদ্রাসার পাশের মক্তবখানা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। একি এলাকার সাগরকেও হত্যা করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী বলেন, “দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের শরীরে কাদা মাটি মাখানো ছিল।”
জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলছেন, “নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।”
দুজনকে হত্যা করা হয়েছে কি-না জানতে চাইলে এ পুলিশ কর্মকর্তা বলেন, তদন্তের পরে বিস্তারিত জানানো হবে।