Published : 09 Jul 2026, 08:53 PM
খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে চুরি মামলায় বন্দি এক হাজতি পালিয়ে গেছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
এ খবর ছড়িয়ে পড়লে কারাগারে জরুরি সতর্ক সংকেত হিসেবে পাগলা ঘণ্টা বাজানো হয়। ঘটনার পরপর তাকে গ্রেপ্তারে কারা কর্তৃপক্ষ, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে জেলা কারাগার-২ (পুরাতন জেলা কারাগার) এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন খুলনা জেলা কারাগারের জেল সুপার মো. আবু ছায়েম।
পলাতক ইমন মাঝি (৩২) লবণচরা থানা এলাকার সাচিবুনিয়া সেকেলার বটতলা জিয়ার বাড়ির ভাড়াটিয়া আবদুল মাঝির ছেলে।
কারাগারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২১ অগাস্ট নগরের সোনাডাঙা থানার একটি চুরি মামলার আসামি ইমন মাঝি। চলতি বছরের ১৩ জুন থেকে জেলা কারাগারে বন্দি আছেন তিনি।
এদিন বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে ইমন নগরের আইনজীবী সমিতি-সংলগ্ন পুরাতন জেলা কারাগারের পূর্ব দিকের দেয়াল টপকে পালিয়ে যান। বিষয়টি কারাগারের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।
জেল সুপার আবু ছায়েম বলেন, “একজন হাজতি পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আমরা অনুসন্ধান করছি। কোনো কিছুর সহযোগিতা ছাড়াই ইমন কারাগারের দেয়াল টপকে পালিয়েছেন।”
“সিসিটিভি ফুটেজে পালানোর ঘটনাটি নজরে এলে তাকে গ্রেপ্তারে আইন-শৃঙ্খলাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। এ ঘটনার পর কারাগার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”
তবে এ ঘটনায় কারো গাফিলতি রয়েছে কিনা, তা তদন্ত করে দেখার কথা বলেছেন জেল সুপার।