২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

২০২২ সালের ১৩ সেপ্টেম্বর গৌরীপুরে একটি স্বর্ণের দোকানে বাতবিতণ্ডার জেরে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2025, 04:29 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

ময়মনসিংহের হত্যা মামলায় দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ আদেশ রায় ঘোষণা করেন বলে আদালত পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান জানান।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার গৌরীপুর উপজেলার বাড়িওয়ালাপাড়ার এলবার্ট ডেবিট বাদলের দুই ছেলে এলবার্ট ডেবিট রকি (২৫) ও এলবার্ট ডেবিট সেন্টু (৪০)। তারা পলাতক রয়েছেন।

মামলার বিবরণে বলা হয়, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় গৌরীপুর পাটবাজারে টিপু সুলতান জুয়েলার্সে স্বর্ণের দাম নিয়ে দোকানির সঙ্গে রকি ও সেন্টুর বাকবিতণ্ডা হয়।

এ সময় দোকানির চাচাতো ভাই জহিরুল ইসলাম মিঠু বিষয়টি সমাধান করতে এগিয়ে আসেন। বাক বিতণ্ডার এক পর্যায়ে সেন্টু ধারালো চাকু দিয়ে মিঠুর বুকে আঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুত্বর অবস্থায় মিঠুকে প্রথমে গৌরীপুর স্বাস্থ কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা মিঠুকে মৃত ঘোষণা করে।

পরদিন জহিরুল ইসলাম মিঠুর বাবা মো. মোখলেছুর রহমান বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা করে।

মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা-তর্ক শেষে আদালত এ রায় দেন।

রাষ্ট্র ও অভিযুক্তের পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী হাসিব আহামদ মাহবুবুল আলম ও মো. আকরাম হোসেন।