২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ইউপি চেয়ারম্যান ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ১০

“ইউপি চেয়ারম্যান তার সমর্থিত লোকজন নিয়ে ইউনিয়ন পরিষদে গেলে বিএনপির নেতা-কর্মীরা তাদের বাধা দেন।”

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2024, 06:43 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোরের কেশবপুরের সুফলাকাঠি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সমর্থকের মধ্যে সংঘর্ষে অন্তত দশজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি বাজারে বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান।

সংঘর্ষে আহতরা হলেন- কেশবপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল্লাহ গাজী (২৫), ইউনিয়ন ছাত্রদল কর্মী তৌহিদুল ইসলাম (২০), রিয়াজুর রহমান (২৪), আড়ুয়া গ্রামের বিএনপি কর্মী আফসার মোড়ল (৫০), সারুটিয়া গ্রামের ইব্রাহিম খলিল (২৪), নূর ইসলাম মোল্লা (৪৫), জালাল দফাদার, রোজিনা বেগম (৪০), কায়েমখোলা গ্রামের আব্দুল মান্নান (৪৫) ও বেতিখোলা গ্রামের আব্দুল হামিদ শেখ (৫০)।

তাদের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “সরকারের পতনের পর আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি এস এম মনজুর রহমানকে ইউনিয়ন পরিষদে ঢুকতে দিচ্ছেন না স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। ৫ অগাস্টের পর থেকে হাজিরা খাতায় তিনি অনুপস্থিত হয়ে পড়েছেন।

“বুধবার বিকেলে ইউপি চেয়ারম্যান তার সমর্থিত লোকজন নিয়ে ইউনিয়ন পরিষদে গেলে কলাগাছি বাজারে বিএনপি সমর্থিত ইউপি সদস্যসহ দলটির নেতা-কর্মীরা তাদের বাধা দেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করাসহ ককটেল বিস্ফোরণ হয়।”

সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি জিএম মহি উদ্দিন বলেন, “ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমানের লোকজন ‘অতর্কিত হামলা’ চালিয়ে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদেরকে আহত করে। এ সময় আমার কলাগাছি বাজারের ব্যক্তিগত অফিস ভাঙচুর করা হয়েছে।”

এ বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করে বন্ধ পাওয়া যায়।

তবে তার সমর্থক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আব্দুল মান্নান বলেন, তাদের ওপর প্রতিপক্ষরা আগে হামলা করে।

ওসি আনোয়ার হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে কিছু কাঁচের বোতলের টুকরা পাওয়া গেছে।”

চেয়ারম্যান এস এম মুনজুর রহমানসহ তার সমর্থকদের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও হামলার ঘটনায় মামলা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।