১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

চকরিয়ায় বসতঘরে বন্যহাতির আক্রমণ, প্রাণ গেল দিনমজুরের

গহীন পাহাড় থেকে নেমে আসা ৫-৬টি বন্যহাতির দল নুরু ছালামের বসতঘরে আক্রমণ করে।

চকরিয়ায় বসতঘরে বন্যহাতির আক্রমণ, প্রাণ গেল দিনমজুরের
ফাইল ছবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 04:16 PM

Updated : 26 Aug 2026, 09:40 AM

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বসতঘরে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে; এ সময় আরও দুইজন আহত হয়েছেন ।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ফুলেরছড়া গর্জনিয়া পাহাড়ে এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাহাব উদ্দিন জানান।

নিহত নুরু ছালাম (৫০) ওই এলাকার খুইল্ল্যা মিয়ার ছেলে। তিনি পেশায় দিনমজুর। 

আহত দুইজনের নাম এখনও জানা যায়নি। 

স্থানীয়দের বরাতে সাহাব উদ্দিন বলেন, রাতে খাবার খেয়ে নুরু ছালাম পরিবারের অন্যদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। এক পর্যায়ে গহীন পাহাড় থেকে নেমে আসা ৫-৬টি বন্যহাতির দল তার বসতঘরে আক্রমণ করে। এতে ঝুপড়ি আদলের বসত ঘরটি তছনছ হয়ে যায়।

“বন্যহাতির পালের আক্রমণে নুরু ছালাম ঘটনাস্থলে মারা যায় এবং দুইজন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।”

নিহতের লাশ নিজের বাড়িতেই রয়েছে বলে জানান এই ইউপি চেয়ারম্যান।