Published : 29 Nov 2023, 09:38 AM
ফেনীর দাগনভূঞা উপজেলায় মহাসড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূঞার সিলোনীয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মহিপাল হাইওয়ে থানার এসআই রাকিব বিন ইসলাম।
নিহত ৫৫ বছরের সাহাব উদ্দিন দাগনভূঞা পৌরসভার গণিপুর এলাকার আবদুল জাব্বারের ছেলে। পেশায় তিনি বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন।
নিহতের স্বজনদের বরাতে এসআই রাকিব জানান, প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফিরছিলেন সাহাব উদ্দিন। পথে সিলোনীয়া বাজার এলাকায় ফেনী-নোয়াখালী মহাসড়কের এক পাশ থেকে অপর পাশে যাওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
“স্থানীয়রা তাকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানান এসআই রাকিব।