২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক বহিষ্কার

মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে না আসায় যুবদল থেকে তাকে বহিষ্কার করা হয়।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2022, 03:13 PM

Updated : 24 Dec 2022, 03:43 PM

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে অংশ নেওয়ার অভিযোগে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক লিটন পারভেজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রীয় যুবদল শুক্রবার তাকে বহিষ্কার করার ঘোষণা দিয়েছে। শনিবার দুপুরে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।

শামসুজ্জামান শামু জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে লিটন পারভেজ রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে অংশ নিচ্ছেন।

তাকে বিএনপির শীর্ষ পর্যায় থেকে নির্বাচন থেকে সরে আসার জন্য বারবার বলার পরেও নির্বাচনে অংশ নেওয়ায় এবং মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে না আসায় যুবদল থেকে বহিষ্কার করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে রংপুর মহানগর যুবদলের এক নেতা বলেন, বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বলে আগেই ঘোষণা দিয়েছে। লিটনকে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ না নেওবার ব্যাপারে বলা হলেও সে কর্ণপাত করেনি।

ফলে যুবদল নেতার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি দলের সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক বলেই তাকে যুবদলের সাধারণ সম্পাদকসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ব্যাপারে লিটন পারভেজের বলেন, “আমি জনস্বার্থে দল করি এবং জনস্বার্থের কারণেই যদি দল আমাকে বহিষ্কার করে আমার কিছু করনীয় নাই। যেহেতু দলে পক্ষ বিপক্ষ আছে, সেহেতু একটি পক্ষ আমাকে হেয় করানোর জন্য এ কাজটি করেছেন।”

এদিকে শনিবার ঢাকা বাদে সারাদেশে বিএনপির গণমিছিল ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। তবে নির্বাচনের কারণে রংপুরে এই কর্মসূচির তারিখ পরিবর্তন করে আগামী ৩০ ডিসেম্বর নির্ধারণ করেছে বিএনপি।

এ প্রসঙ্গে শামসুজ্জামান শামু বলেন, সারাদেশে ২৪ ডিসেম্বর বিএনপির গণমিছিল ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কিন্তু রংপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে অপ্রীতিকর ঘটনা এড়াতে রংপুর জেলা ও মহানগর বিএনপি আগামী ৩০ ডিসেম্বর এ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে।

রংপুর সিটি করপোরেশন নির্বাচন ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।