২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাক চালকের প্রাণ নিল আরেক ট্রাক

দোকানে চা খেয়ে রাস্তা পেরিয়ে নিজের ট্রাকে ওঠার সময় আরেক ট্রাক তাকে চাপা দেয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2022, 11:09 AM

Updated : 25 Aug 2022, 11:09 AM

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক ট্রাকের চাপায় প্রাণ গেছে আরেক ট্রাকের চালকের।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে নগরীর পোড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনায় নিহত ওই ট্রাক চালকের নাম দিলীপ সিং (৫০), বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা থানার লক্ষ্মীখোলা এলাকায়।

গাজীপুর সদর থানার এসআই মো. আবু সাঈদ জানান, পোড়াবাড়ি এলাকায় মহাসড়কের পাশে ট্রাক থামিয়ে চা খেতে দোকানে গিয়েছিলেন দিলীপ। চা খেয়ে রাস্তা পার হয়ে নিজের ট্রাকে ওঠার সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দিলীপের মৃত্যু হয়। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি ফেলে চালক পালিয়ে যায়।

দিলীপের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই সাঈদ।