২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

একটি পাওয়ার টিলারকে ওভারটেক করার সময় পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে রিফাতের মোটরসাইকেলের।

ঝিনাইদহে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রিফাত রহমান।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2023, 04:43 PM

Updated : 06 Jun 2023, 04:43 PM

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কোটচাঁদপুর শহরের মেইন বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান কোটচাঁদপুর থানার এসআই হারুন অর রশিদ।

নিহত রিফাত রহমান (১৮) ওই উপজেলার এলেন্দা গ্রামের মহিদুল ইসলামের ছেলে।তিনি টাইলস মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

এসআই হারুন জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে কোটচাঁদপুর শহরের দিকে যাচ্ছিলেন রিফাত। শহরের মেইন বাসস্ট্যান্ডে আসলে একটি পাওয়ার টিলারকে ওভারটেক করার সময় পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে তার  মোটরসাইকেলের।

এ সময় রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন রিফাত। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে যশোর নেওয়ার পথে রিফাত মারা যান।

কোটচাঁদপুর থানার ওসি মো. মইন উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে।

নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত আভিযোগ পেলে মামলা নেওয়া হবে বলেও জানান ওসি।