বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে ‘কয়েকশ জেলে নিখোঁজ’
‘আলীপুর-মহিপুর দুই মৎস্যবন্দরে নিখোঁজ জেলেদের হাজারো স্বজনের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে।’
বৈরী আবহাওয়ায় পটুয়াখালী ও পিরোজপুরের ‘ডজনখানেক ট্রলার ডুবে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে কয়েক ডজন’, যেসব ট্রলারে প্রায় পাঁচশত জেলে রয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জেলেদের মধ্যে অনেকে ফিরে আসলেও বেশির ভাগেরই খবর পাওয়া যাচ্ছে না।
পটুয়াখালীর মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা বলেন, “মোট ১১টি ট্রলার ডুবে গেছে। কিছু ট্রলার ফিরে এসেছে। এখনও নিখোঁজ রয়েছে ২৭টি। এসব ট্রলারে চার শতাধিক জেলে ছিলেন। তবে কিছু জেলে ফিরে আসতে পেরেছেন। সঠিক সংখ্যা জানি না। নিখোঁজদের ভাগ্যে কী ঘটেছে, কোথায় তারা আছে, কোনো হদিস মিলছে না।”
শনিবার বিকালের তথ্য দিয়ে তিনি বলেন, “শিববড়িয়া নদীর দুই পাড়ে আলীপুর-মহিপুর দুই মৎস্যবন্দরে নিখোঁজ জেলেদের সন্ধানে আসা হাজারো স্বজজের আহাজারি চলছে। এখানে এক হৃদয় বিদারক দৃশ্য। তাদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।”
নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে ঝড় উঠলে বন্দরে ফেরার চেষ্টা করেন জেলেরা। পথে ডুবে যাওয়া এবং নিখোঁজ ট্রলারের জেলেদের মধ্যে ভারতের রায়দিঘিতে ১১ জন আর সুন্দরবনে ১৩ জনকে উদ্ধার করা হয়েছে বলে নিজামপুর কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সেলিম মণ্ডল জানিয়েছেন।
তিনি ‘আটি ট্রলার ডুবে যাওয়া’ এবং ‘অন্তত সাতটি ট্রলার’ যোগাযোগ বিচ্ছিন্ন থাকার খবর পেয়েছেন বলে জানান।
সম্প্রতি ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে যান জেলেরা। কিন্তু আবহাওয়ার অবনতি হওয়ায় আবার বন্ধ হয়ে যায় তাদের মাছ ধরা। আবহাওয়ার উন্নতি হলে তিন দিন আগে সাগরে যাওয়ার পর ফের শুরু হয় আবহাওয়ার বৈরিতা। ঘোষণা করা হয় ৩ নম্বর সতর্ক সংকেত।
পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মো আব্দুল বারী বলেন, জেলার পাঁচটি ট্ররার নিখোঁজ রয়েছে। এসব ট্রলারে ৭৫ থেকে ৮০ জন জেলে রয়েছেন বলে জানিয়েছেন ট্রলার মালিক সমিতির নেতারা।
পিরোজপুর মৎস্য ট্রলার মালিক সমিতির সভাপতি কমল দাস বলেন, খারাপ আবহাওয়ার কারণে তিন দিন ধরে পিরোজপুরের আটটি ট্রলার প্রথমে নিখোঁজ হয়। তার মধ্যে তিনটির সঙ্গে শনিবার বিকেলে যোগাযোগ করা সম্ভব হয়েছে। এখনও সদর উপজেলার একটি আর ইন্দুরকানী উপজেলার চারটি ট্রলার নিখোঁজ রয়েছে। পাঁচ ট্রলারে ৭৫ থেকে ৮০ জন জেলে রয়েছেন।
“ট্রলারগুলো দূর সমুদ্রে কী অবস্থায় আছে তা জানি না। কোনো দ্বীপে আশ্রয় নিতে পেরেছে কি না জানি না,” এভাবে উদ্বেগের কথা বলেন দক্ষিণাঞ্চলীয় মৎস্য কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান।
কোস্টগার্ডের সহযোগিতাসহ বিভিন্ন মাধ্যেমে জেলেদের খোঁজার চেষ্টা চলছে বলে মৎস্য কর্মকর্তা আব্দুল বারী জানিয়েছেন। তিনি নিখোঁজ জেলেদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগোযোগ করছেন বলেও জানান।
