২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় হিন্দু বাড়িতে হামলার ঘটনায় মামলা

হামলার আহত ধীরেন্দ্র নাথ বর্মণ বাদী হয়ে ২৮ জনের নামে নেত্রকোণা থানায় মামলা করেছেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2022, 01:47 PM

Updated : 28 Aug 2022, 01:47 PM

নেত্রকোণায় ‘জমি নিয়ে বিরোধের জেরে’ এক হিন্দু বাড়িতে হামলার ঘটনায় মামলা হয়েছে; তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

সদর উপজেলার ঠাকুরোকাণা ইউনিয়নের তাতিয়র গ্রামে ওই হামলার ঘটনায় আহত ধীরেন্দ্র নাথ বর্মণ শনিবার ২৮ জনের নামে এই মামলা দায়ের করেন বলে নেত্রকোণা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান।

মামলায় ওই গ্রামের সাইফুল ইসলামসহ আট জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২০ জনকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ধীরেন্দ্রর সঙ্গে একই গ্রামের সাইফুল মিয়া, দীন ইসলাম ও আরিফ হাসানের জমি নিয়ে বিরোধ চলছিল। সাইফুল ও তার লোকজন বৃহস্পতিবার সকালে ওই জমিতে হাল দেওয়া শুরু করে। ধীরেন্দ্র তখন বাধা দিলে তারা চলে যায়।

পরদিন শুক্রবার সকালে সাইফুল ও তার দলবল দেশীয় অস্ত্র নিয়ে ধীরেন্দ্রর বাড়িতে হামলা চালালে চারজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে যায়।

আহতরা হলেন- ধীরেন্দ্র নাথ বর্মণ (৫৫), তার স্ত্রী অনিতা রানী বর্মণ (৫০), তাদের মেয়ে কলেজ শিক্ষার্থী দীপা রানী বর্মণ (১৭) এবং মহেন্দ্র চন্দ্র বর্মণের স্ত্রী সরস্বতী রাণী বর্মণ (৭০) ।

তাদের মধ্যে সরস্বতী মৎস্যজীবী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুকুমার বর্মণ সৌরভের মা।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্তের পাশাপাশি আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

পুরনো খবর:

‘জমির বিরোধে’ নেত্রকোণায় হিন্দু বাড়িতে হামলা, আহত ৪