২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জমির বিরোধে’ নেত্রকোণায় হিন্দু বাড়িতে হামলা, আহত ৪

আহতদের নেত্রকোণা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‘জমির বিরোধে’ নেত্রকোণায় হিন্দু বাড়িতে হামলা, আহত ৪

হামলার পর আহতরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2022, 10:57 AM

Updated : 27 Aug 2022, 11:06 AM

নেত্রকোণায় ‘জমি নিয়ে বিরোধের জেরে’ এক হিন্দু বাড়িতে হামলার ঘটনায় চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নেত্রকোণা মডেল থানার এসআই গৌতম চন্দ্র সেন জানান, সদর উপজেলার ঠাকুরোকানা ইউনিয়নের তাতিয়র গ্রামে বৃহস্পতিবার সকালে এ হামলার ঘটনায় আহতদের নেত্রকোণা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলেন- ওই এলাকার ধীরেন্দ্র নাথ বর্মণ (৫৫), তার স্ত্রী অনিতা রাণী বর্মণ (৫০), মেয়ে কলেজ শিক্ষার্থী দীপা রাণী বর্মণ (১৭) ও মহেন্দ্র চন্দ্র বর্মণের স্ত্রী স্বরসতী রানী বর্মণ (৭০) ।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ধীরেন্দ্রর সঙ্গে একই গ্রামের সাইকুল মিয়া, দীন ইসলাম ও আরিফ হাসানের জমি নিয়ে বিরোধ চলছিল। ওই জমিতে বৃহস্পতিবার সকালে সাইকুল ও তার লোকজন হাল দেওয়া শুরু করে। এ সময় ধীরেন্দ্রর বাধার মুখে তারা সেখান থেকে চলে যায়।

পরদিন সকালে সাইকুল ও তার দলবল দেশীয় অস্ত্র নিয়ে ধীরেন্দ্রর বাড়িতে হামলা চালায়। এ সময় চারজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে যায়।

আহতদের মধ্যে স্বরসতী রানী কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুকুমার বর্মণ সৌরভের মা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সুকুমার বলেন, “বেশ কয়েক বছর আগে বাড়ির সামনে আমাদের জমির লাগোয়া একটি জমি কেনেন সাইকুল মিয়া। এখন তারা আমাদের জমিতে হাল দিয়ে দখল করে নিতে চাইছে। জোর করে জমি দখলে নিতে বাড়িতে হামলা চালিয়ে আমাদের পরিবারের সদস্যদের আহত করেছে।”

এসআই গৌতম বলেন, ঘটনাটি ইতোমধ্যে তদন্ত শুরু করেছেন তারা এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।