আধিপত্যের বিরোধ: মাদারীপুরে হামলা-পাল্টা হামলা, লুটপাট-অগ্নিসংযোগ
স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগ-বিএপির দু্ই সমর্থকের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।
মাদারীপুর সদরে আধিপত্য বিস্তার ও জমি দখল নিয়ে দুই পক্ষের হামলা-পাল্টা হামলায় অন্তত ২০টি বাড়িঘরে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সদর থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, রোববার সকালে সদর উপজেলার ঝাউদি ইউয়িনের হোগলপাতিয়া গ্রামের বাংলাবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
তিনি বলেন, “দীর্ঘদিন ধরেই স্থানীয় দলাদলি, আধিপত্য ও জায়গা জমি নিয়ে দুই পক্ষের বিরোধ ছিল। এইসব বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের হামলা-পাল্টা হামলায় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, হোগলপাতিয়া গ্রামের বাংলাবাজার এলাকার মুজাম সরদারের দাবি করা কিছু জমি আওয়ামী লীগের সমর্থক দুলাল চৌকিদার দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিল। ক্ষমতার পালাবদলে বিএনপির সমর্থক মুজাম তার জমি বুঝে নেয়।
এ উপলক্ষে রাতে জেলা যুবদলের নেতাকর্মীদের মুজাম ও তার লোকজনকে খিচুড়ি খাওয়ার আয়োজন করলে দুলালের লোকজন ক্ষিপ্ত হয়ে মুজাম, মালেক আকন ও হামেদ আকনদের বাড়িঘরে হামলা চালায়। এ সময় দুই পক্ষের হামলায় ২০টি বাড়িঘর ভাঙচুর লুটপাট ও তিনটি ঘরে অগ্নিসংযোগ করা হয়।
ওসি সালাউদ্দিন বলছেন, এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
