২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্বতন্ত্র’ প্রার্থী হতে মনোনয়নপত্র নিলেন বিএনপি, জাপার সাবেক নেতা

ফতুল্লা থেকে ‘স্বতন্ত্র’ হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

‘স্বতন্ত্র’ প্রার্থী হতে মনোনয়নপত্র নিলেন বিএনপি, জাপার সাবেক নেতা
নারায়ণগঞ্জে মনোনয়ন সংগ্রহ করেছেন (বা থেকে) মোহাম্মদ আলী, মো. শাহ আলম এবং মাকসুদ হোসেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2025, 08:49 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

তফসিল ঘোষণার পর নারায়ণগঞ্জে এখন পর্যন্ত ১০ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

১৫ ডিসেম্বর থেকে জেলা ও উপজেলা পর্যায়ে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয় বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন।

নির্বাচন কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রটি নিয়েছেন। 

এই আসনে বিএনপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে মনোনীত করেছে। তিনি দলটির নির্বাহী কমিটির সদস্য ও জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. ইলিয়াস মোল্লা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে ‘স্বতন্ত্র’ হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম। আসনটি এখনো স্থগিত রেখেছে বিএনপি।

এ আসনে চারবারের সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এ কে এম শামীম ওসমান। ২০১৮ সালে আসনটিতে শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দেয় বিএনপি।

আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোহাম্মদ মমিনুল হক এবং মো. জহিরুল হকও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এ ছাড়া, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ইলিয়াস আহম্মেদও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন। এ নির্বাচনে ‘স্বতন্ত্র’ প্রার্থী হিসেবে প্রস্তুতি নিয়েছেন জাতীয় পার্টির বহিষ্কৃত এ নেতা।

গত বছরের মে মাসে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে জেলা জাতীয় পার্টির সহসভাপতির পদ হারান মাকসুদ। চলতি বছরের মার্চে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার হন তিনি। পরে হাই কোর্ট থেকে জামিনে বেরিয়ে আসেন তিনি।

মাকসুদ ছাড়াও এ আসনে মুক্তিজোটের প্রার্থী এইচ এম আমজাদ হোসেন মোল্লা, খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুনও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।