‘মাদক নিয়ে বিরোধে’ পাবনায় যুবককে কুপিয়ে হত্যা
ওসি দুলাল হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানেও পুলিশ কাজ করছে।
পাবনা সদরে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি মাদক নিয়ে বিরোধের জেরে তাকে কুপিয়ে হত্যা করেছে বন্ধুরা।
বৃহস্পতিবার রাতে উপজেলার দাপুনিয়া চড়–ইমারী গ্রামের একটি মেহগনি বাগানে এ হত্যার ঘটনা ঘটে বলে জানান পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন।
নিহত ইমরান হোসেন ওরফে কালু (২২) দাপুনিয়া ইউনিয়নের খোকরা উপরপাড়া গ্রামের একরাম হোসেনের ছেলে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতেন।
স্থানীয়দের বরাতে ওসি দুলাল হোসেন বলেন, কালু মাদকাসক্ত ছিলেন। রাতে মেহগনি গাছের বাগানে তিনি তার বন্ধুদের সঙ্গে মাদক সেবন করছিলেন।
“মাদক নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কালুকে তার বন্ধুরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি মারা যান।”
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। শুক্রবার সকালে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ওসি দুলাল হোসেন বলেন, নিহতের পরিবারের পক্ষে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানেও পুলিশ কাজ করছে।
