দক্ষিণ আফ্রিকায় ‘ডাকাতের গুলিতে’ বাংলাদেশি ব্যবসায়ী নিহত
ফিরোজের মৃত্যুর খবর পেয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্য ইছাপুরায় তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ডাকাতের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ ঘটনায় আহত এক স্বজনের বরাত দিয়ে নিহতের মা ফিরোজা বেগম জানান, জোহানেসবার্গে নিজেদের ডিপার্টমেন্টাল স্টোরে বৃহস্পতিবার রাতে সশস্ত্র ডাকাতরা লুটপাট চালায়। এ সময় ডাকাতরা ছেলে ও তার শ্যালককে মারধর করে।
যাওয়ার আগে ডাকাতরা গুলি ছুড়ে। এতে মোহাম্মদ ফিরোজ ও তার শ্যালক নাসির উদ্দিন গুরুতর আহত হন।
পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফিরোজকে মৃত ঘোষণা করেন। আহত নাসির উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, ফিরোজের মৃত্যুর খবর পেয়ে তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্য ইছাপুরায় চলছে শোকের মাতম।
স্বজনরা জানান, ১০ বছর ধরে নাসির উদ্দিন এবং ছয় বছর ধরে ফিরোজ সেখানে আছেন। গ্রাম পরিবারের সঙ্গে ফিরোজের স্ত্রী-কন্যা থাকেন।
কান্নাজড়িত কণ্ঠে এ হত্যার বিচার চাইলেন নিহতের স্ত্রী জোবাইদা আক্তার।
তাহিয়া আক্তার নামে তাদের ছয় বছর বয়সি কন্যা শুধু ফেল ফেল করে তাকিয়ে আছে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার আসলাম খান বলেন, “ঘটনাস্থল দক্ষিণ আফ্রিকাতেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। এখানে আমাদের কিছু করার নেই।”
