শেরপুরে পাচারকালে সার জব্দ, ডিলারকে জরিমানা
নজরুল ইসলাম প্রামাণিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা থেকে অন্যত্র পাচারকালে কৃষকের জন্য বরাদ্দের ৩৫ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার উপজেলার রাংটিয়া এলাকা থেকে সারের বস্তা জব্দ করা হয় বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম অনিন্দিতা রানী ভৌমিক জানান।
এ ঘটনায় উপজেলা বাজারে অবস্থিত মেসার্স জনি টেড্রার্সের স্বত্বাধিকারী এবং বিআইসির ডিলার নজরুল ইসলাম প্রামাণিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত জানায়, নজরুল দীর্ঘদিন ধরে কৃত্রিম সংকট দেখিয়ে অবৈধভাবে সার অন্যত্র বিক্রি করে আসছিলেন। দুপুরে পাচারের জন্য ২০ বস্তা পটাশ (এমওপি) ও ১৫ বস্তা ডিএপি সার ভ্যানে বোঝাই করে নালিতাবাড়ী উপজেলার ধোপাকুড়া বাজারের একটি দোকানে নেওয়ার চেষ্টা করেন। পরে সারভর্তি ভ্যানটি উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তাদের সহযোগিতায় আটক করা হয়।
নির্বাহী হাকিম অনিন্দিতা রানী ভৌমিক বলেন, সার পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
